08/05/2026
প্রতিবাদ লিপি
বিষয়: দীপ্ত টিভিতে প্রকাশিত মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ।
সম্প্রতি গত ২৯ এপ্রিল দীপ্ত টিভির ফেসবুক পেজে প্রকাশিত “রাগবি টুর্নামেন্টের ফিকচার নিয়ে বিতর্ক” শীর্ষক ভিডিও সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে বাংলাদেশ রাগবি ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত তথ্য ও আমাদের বক্তব্য:
• ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান:
সংবাদে বাংলাদেশ রাগবি ফেডারেশনের সিইও নাজমুস সাকিব শোভনকে সাতক্ষীরা জেলার প্রশিক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি কোনোভাবেই সাতক্ষীরা জেলার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন না।
• অমূলক ও প্রমাণহীন অভিযোগ:
ফেডারেশনের মিডিয়া ম্যানেজার আল ইমরান এবং সিইও নাজমুস সাকিব শোভনের বিরুদ্ধে ফিকচার প্রণয়নে অনৈতিক সুবিধা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো দালিলিক বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফিকচার প্রণয়ন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে ব্যক্তিগত সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।
• ভুল পরিচয় উপস্থাপন:
সংবাদে একজন ব্যক্তিকে বাংলাদেশ আনসার দলের ম্যানেজার পরিচয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অথচ প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ আনসার দলের ম্যানেজার পদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন। এ ধরনের ভুল পরিচয় সংবাদটির গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
বাংলাদেশ রাগবি ফেডারেশন যখন অত্যান্ত নিষ্ঠা,সততা ও স্বচ্ছতার সাথে দেশের রাগবি খেলাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে এবং ফেডারেশনের চলমান কার্যক্রমকে বিতর্কিত করতে গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।
প্রকাশিত সংবাদটি শুধু বিভ্রান্তিকরই নয়, বরং এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক, পেশাগত ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা। বাংলাদেশ রাগবি ফেডারেশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, কোনো ধরনের অনৈতিক বা নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের সাথে ফেডারেশনের কোনো সম্পৃক্ততা নেই। এই সংবাদটি একটি সুপরিকল্পিত অপপ্রচারের অংশ, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।
আহ্বান:
এমতাবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, যথাযথ সত্যতা যাচাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন এবং অনতিবিলম্বে প্রকাশিত মিথ্যা সংবাদটি প্রত্যাহার করে যথাযথ গুরুত্বের সাথে এই প্রতিবাদলিপি প্রচার করুন। অন্যথায়, মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বোপরি, সাধারণ জনগণ ও ক্রীড়াপ্রেমীদের প্রতি বিনীত অনুরোধ— এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।