01/10/2026
১০০ জনের আবাসনের ব্যবস্থা সম্বলিত এসিএসআর এন্ড সার্টিফাইড ইনস্টিটিউট এর নির্মল আশ্রয় কেন্দ্র ১৯৬৫ সাল থেকে ১২-২১বছর বয়সী নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে আসছে। এর প্রধান দুটি প্রকল্প হচ্ছে নির্মল আশ্রয় কেন্দ্র ও জেল প্রকল্প। জেল প্রকল্প উপ আনুষ্ঠানিক শিক্ষা ও সেলাই প্রশিক্ষণের সমন্বয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ১৯৮৫ সাল থেকে পরিচালিত হচ্ছে। এছাড়াও রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও রংপুর এই ছয়টি শাখার সহযোগিতায় সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কসপের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন রোধকল্পে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসিএসআর এর নির্মল আশ্রয় কেন্দ্র নির্যাতিত নারী ও শিশু বিশেষ করে যারা ধর্ষণ, যৌন হয়রানি, পাচার, ফতোয়াবাজি, মনোসামাজিক সমস্যা শিকার,হারিয়ে যাওয়া ও আশ্রয়হীন তাদের নিরাপদ আশ্রয় প্রদান করে প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করে আসছে। বিভিন্ন রেফারেল অর্গানাইজেশন যেমন সরকারি আশ্রয় কেন্দ্র,বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, শিশু পল্লী প্লাস,আরডিআরএস নির্যাতিত নারী ও শিশুদের এসিএসআর এর নির্মল আশ্রয় কেন্দ্রে প্রেরণ করে থাকে। ২০০৯ সাল থেকে এসিএসআর ভিকটিম সাপোর্ট সেন্টার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। এসিএসআর তাদের গ্রহণ করে পর্যবেক্ষণসহ নৈতিক, উপানুষ্ঠানিক শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমন ব্লক প্রিন্টিং,এমব্রয়ডারি, গার্মেন্টস ও সেলাই প্রশিক্ষণ ইত্যাদি যাবতীয় কর্মকান্ডের মাধ্যমে তাদের কর্মপোযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তাদের সমাজে নতুন করে সম্মানজনক প্রতিষ্ঠার লক্ষ্যে একজন পেশাদার কাউন্সিলার নিয়মিত সাইকো- সোশ্যাল কাউন্সিলিং প্রদান করা হয়। পরিকল্পিত উপায়ে এমনভাবে দল গঠন করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের মধ্যে কার্যকরভাবের আদান প্রদান করতে পারে এবং সমস্যা চিহ্নিত করে সমাধান পরিকল্পনা তৈরিতে ভূমিকা রাখতে সক্ষম হয়। এতে তাদের মধ্যে পারস্পরের প্রতি আস্থা, নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জিত হয়। চিত্ত বিনোদনের জন্য ইনডোর গেম-বাগাডুলি, বিরিংভিটা, লুডু, কেরামবোর্ড, কানামাছি ইত্যাদি খেলার সুব্যবস্থা রয়েছে। নির্ধারিত সময়ে বড় পর্দায় টিভি অনুষ্ঠান দেখা ছাড়াও প্রতি বৃহস্পতিবার সাধারণ শিক্ষা ক্লাসে অনুষ্ঠান যেমন ধারাবাহিক গল্প বলা,নাচ- গান, ছড়া,নাটক, সাধারণ জ্ঞান প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবাসীদের মধ্যে প্রফুল্লতা আনয়নের লক্ষ্যে সম্পূর্ণ মুক্ত পরিবেশে প্রতিবছর নিয়মিত ফিল্ড ট্রিপে নেয়া হয়। সমাজকল্যাণ কর্মকর্তা (আভ্যন্তরীন) আবাসীদের নিয়মিত কেস স্টাডি মাধ্যমে মনো-সামাজিক অগ্রগতি মূল্যায়নপূর্বক প্রতিবেদন তৈরি করে। প্রস্তুতকৃত প্রতিবেদনের উপর ভিত্তি করে টিম ওয়ার্কের মাধ্যমে তাদের সমস্যা নির্ণয় ও সমাধান পরিকল্পনা তৈরি করা হয়। সমাজকল্যাণ কর্মকর্তা (মাঠ) আবাসীদের গৃহ পরিদর্শনের মাধ্যমে তাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করেন।পারিবারিক সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য তিনি ফ্যামিলি কাউন্সেলিং করেন যা সামাজিক রিইন্টিগ্রেশন প্রক্রিয়াকে সহজতর করে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর আবাসীদের সাধারণত সেলাই মেশিন, এমব্রয়ডারি সামগ্রী ও যাতায়াত ভাড়া সহ পরিবারে পিতা-মাতার নিকট পুনর্বাসন করা হয়। যাদের কোন অভিভাবক নেই তাদের চাকরি কিংবা স্বকর্মসংস্থানের মাধ্যমে এক মাসের থাকা,খাওয়া ও যাতায়াতের খরচসহ পুনর্বাসন করা হয়। এবং দক্ষ আবাসী যাদের পরিবারে বা স্বকর্মসংস্থানের মাধ্যমে নির্ধারিত সময়ে পুনর্বাসন করা সম্ভব হয় না তাদের পেশাদার ডিজাইনারের তত্ত্বাবধানে মানসম্মত মজুরির ভিত্তিতে এসিএসআর এর প্রোডাকশন সেন্টারে উৎপাদন কাজে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। পুনর্বাসনের পর আবাসীদের সমাজকল্যাণ কর্মকর্তা (মাঠ) এর নিয়মিত ফলোআপ রাখা হয়। যাতে তারা অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে।
যোগাযোগের ঠিকানা:
এ্যাসোসিয়েশন ফর কারেকশন এন্ড সোশ্যাল রিক্লেমেশান (এসিএসআর)
২ বি উত্তরপূর্ব দারুস সালাম রোড,
শাহ আলীবাগ,মিরপুর-১, ঢাকা-১২১৬।
ইমেইল :[email protected]