16/01/2024
রাস্তায় বের হলে এই যে এত মানুষ দেখছেন, রিকশায়, বাসে ঘুরে বেড়াচ্ছে, বাজারে গিয়ে দরদাম করছে, এদের অনেকেই আত্মহত্যা করার চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যত মানুষ আত্মহত্যা করছে তার চেয়ে তিনগুণ বেশি মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে সফল হয় নি এবং তার চাইতেও কয়েক গুণ বেশি সংখ্যক মানুষ সাহসের অভাবে চেষ্টাটাও করতে পারছে না।
মানুষ একদিনে আত্মহত্যা করে না, আত্মহত্যা করার আগে সে অনেকবার সিগন্যাল দিয়ে যায়। সে হয়ত কাউকে প্রাণখুলে কিছু বলতে চেয়েছিল , সে যখন ক্রমাগত বলেই যাচ্ছিল, ‘বেঁচে থাকতে আর ইচ্ছে করছে না’ তখন সেটা একটা বাঁচার সংকেত ছিল। পরিসংখ্যান বলছে, যত মানুষ আত্মহত্যা করেছে তাদের ৮০ ভাগই আত্মহত্যার পূর্বাভাস দিয়ে গেছে, আপনার আমার গুরুত্ব পায়নি বলেই মরতে হয়েছে তাদের।