18/05/2026
প্রতিবাদলিপি
তারিখ: ১৮/০৫/২০২৬ খ্রি.
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের প্রতিষ্ঠিত, স্বীকৃত ও গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নাম, প্যাড ও সাংগঠনিক পরিচয় অপব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করে আসছেন।
বিশেষভাবে ১৭/০৫/২০২৬ খ্রি. তারিখে পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, বিপিঃ-৮১০৬১১২০৫৪ এবং পুলিশ পরিদর্শক এ কে এম আলমগীর জাহান, বিপিঃ-৭৮০৬১১২০৫৭ নিজেদের তথাকথিত “এডহক কমিটি/২০২৫” পরিচয়ে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের অফিসিয়াল প্যাড ব্যবহার করে একটি বিবৃতি প্রদান করেন, যা সম্পূর্ণ অননুমোদিত, গঠনতন্ত্রবিরোধী এবং সংগঠন ও পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।
উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট পরবর্তী সংকটময় সময়ে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের বৈধ নেতৃত্ব পুলিশ সদস্যদের মনোবল পুনরুদ্ধার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঠিক সেই সময়ে একটি স্বঘোষিত গোষ্ঠী “এডহক কমিটি/২০২৫” নামে বিভ্রান্তি সৃষ্টি করে পুলিশ সদস্যদের মাঝে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হলেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য, অপপ্রচার ও অসত্য তথ্য পরিবেশন অব্যাহত রেখেছেন। তাদের এহেন কর্মকাণ্ড শুধু সংগঠনবিরোধী নয়, বরং একটি সুশৃঙ্খল বাহিনীর শৃঙ্খলা, ঐক্য ও পেশাদারিত্ব বিনষ্টের অপচেষ্টা, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন দৃঢ়ভাবে ঘোষণা করছে যে, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত বর্তমান কমিটিই একমাত্র বৈধ, স্বীকৃত ও কার্যকর কমিটি। সংগঠনের নাম, প্যাড ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা, অসত্য তথ্য প্রকাশ এবং পুলিশ সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন কঠোর অবস্থানে রয়েছে।
অতএব, উক্ত পুলিশ সদস্যদ্বয়ের সংগঠনবিরোধী, শৃঙ্খলাভঙ্গকারী ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো যাচ্ছে।