14/09/2026
একটি স্কার্ফের চোখে একজন স্কাউটের জীবন!
[উজ্জল বেপারী, সিনিয়র রোভার মেট]
আমি নিছকই কাপড়ের তৈরি স্কার্ফ নই, আমি একজন স্কাউটের প্রতিজ্ঞার সেই তিনটি অংশ, যা সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দীক্ষার সেই গৌরবময় মঞ্চে উচ্চারিত হয়েছিল। আমাকে সঙ্গে নিয়ে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সে নিজেকে তিলে তিলে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে।
কাঁধ ভাঙা রোদের মধ্যে খেটে-খাওয়া মানুষের প্রতি তার নিঃস্বার্থ সেবায় বিমোহিত হয়ে আমি তার গলায় পরম মমতায় জড়িয়ে থাকি। তার এই নিবেদিত সেবা যেন আমার কাছে তার প্রতিটি ফোঁটা ঘামকেও অমূল্য করে তুলেছে। আমি তার স্কাউট জীবনের এক গর্বিত নীরব দর্শক।