20/01/2026
উপস্থিত ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি)-এর যৌথ উদ্যোগ ও নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের সহযোগিতায় “নির্বাচনী ইশতেহার ও গণভোট: প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রসঙ্গ” শীর্ষক সেমিনারে। নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোষাধক্ষ হিসেবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যেন প্রতিবন্ধী জনগোষ্ঠীর কথা ভাবা হয় এবং পরবর্তীতে নতুন সরকার যাতে প্রণীত ইশতেহার বাস্তবায়ন করে—এসব বিষয় মাথায় রেখে এই সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছে।
নুসরাত জাহান তমা ফাউন্ডেশনটি মূলত আমার বন্ধু কামরুল ইসলাম চৌধুরীর,প্রয়াত স্ত্রীর নামে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন যা ২০২৪ সালে সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত। সূচনালগ্ন থেকেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর বিশেষ করে এতিম, দু:স্থ ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০০/- টাকা শিক্ষাবৃত্তি, প্রতি বছর একটি কোরবানির পশু এতিমখানায় দান, দু:স্থ রোগীদের কল্যাণে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ১০ টি ডাস্টবিন ও ৫ টি সিলিং ফ্যান অনুদান, দৃষ্টি প্রতিবন্ধী ৬ জন শিক্ষার্থীদের মাঝে স্বল্পমূল্যে ল্যাপটপ, প্রতি বছর মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ জন ছিন্নমূল মানুষের ইফতার আয়োজন, ইত্যাদি কার্যক্রম উল্লেখযোগ্য। মূলতঃ প্রয়াত নুসরাত জাহান তমা'র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পারিবারিক ও বন্ধু উদ্যোগ সীমিত পরিসরে এ সংগঠন কাজ করছে। ডাকসুর এ উদ্যোগ এ শামিল হতে পেরে আমরা আনন্দিত। উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রসঙ্গ নিয়ে ১০ দফার যে প্রস্তাব দেয়া হয়েছে আগামী নির্বাচনে যে দল ই দায়িত্ব গ্রহণ করুক তারা যেন প্রস্তাব বাস্তবায়ন করে এই প্রত্যাশা রাখছি।
উক্ত প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মী, সমাজসেবক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) সাইমা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়ুম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি, জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নুসরাত জাহান তমা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শারমিন ইসলাম শুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ডিজেবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি) এর অ্যাডভাইজার ড. সাইদুর রহমান, টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন মোঃ আব্দুল কাইয়ুম, ব্র্যাকের ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের টিম লিড জাহিদুল কবির, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি) এর অ্যাডভাইজার নুসরাত জাহান, উল্লেখযোগ্য।