26/11/2025
আপনি আশা করেন একজন উমরের, একজন সালাহুদ্দিন আইয়ুবীর মত কোনো বীরের। অথচ নিজের বাচ্চাদেরকে বিড়াল, ভুত-পেত্নী, কোনো কিছুর ছায়া বা পুলিশের ভয় দেখিয়ে তাদের থামিয়ে রাখেন। বীর পুরুষ তো আমাদের সন্তানরাই হবে! নাকি কোথাও থেকে টুপ করে পড়বে এই জমিনে?
শিশুমনে কখনই এসবের ভয় ঢুকিয়ে দিতে নেই। এসব খুবই তুচ্ছ। অথচ এই তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে বাচ্চারা বড় হতে থাকে। হয়ত এক সময় ভুলে যায়, কিন্তু মনে রাখবেন, মজবুত কিছু পেতে চাইলে তার শেকড়ের দিকে সবার আগে নজর দিতে হবে।
সহজ কিছু আয়াত আর হাদিস দেই। এগুলো মুখস্ত করে নেবেন। তাহলে যখনতখন বাচ্চাদের বলতে পারবেন। তাদেরকে আল্লাহর আজাবের ভয়ে চিন্তা ফিকিরে ফেলতে পারবেন। তারা শয়তানের বিরুদ্ধে ছোটোবেলা থেকেই মুকাবেলা করা শিখবে। কোনো একটা ভুল কাজ থেকে যেন সে কোনো মানুষ বা পুলিশের ভয়ে না ফেরে। বরং আল্লাহর ভয়ে নিজেকে ফিরিয়ে নেয়।
আয়াত-
إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
অর্থ: নিশ্চয়ই আল্লাহ অন্তরের সব কথা জানেন।
وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْۚ
অর্থ: তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন।
وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
অর্থ: তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।
اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی
অর্থ: সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন।
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
অর্থ: এবং কেউ সামান্য পরিমাণ অসৎ কাজ করলে (কেয়ামতের দিন সে নিজে)তাও দেখতে পাবে।
হাদিস-
إِتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْت
অর্থ- তুমি যেখানে যে অবস্থায় থাক না কেনো আল্লাহকে ভয় কর!
যদি মনে করেন বাচ্চা এখনো ছোটো এসব বুঝবেনা, তবে এটাও শয়তানের একটা ধোঁকা। বাচ্চা যদি সামান্য আওয়াজে ঘাবড়ে যায়, বা মিয়াউ মিয়াউ, পুলিশের ভয়ে জলদি লোকমাটা মুখে নেয়, কিংবা ঘুমের ভান ধরে তবে লা শাক্কা “আল্লাহ কিন্তু সব দেখছেন, তোমার ভুল কাজে উনি নারাজ হবেন” এমন কথাও বাচ্চা বুঝবে।
বাচ্চাদের নিয়ে বসে এই আয়াতগুলোর তাফসির আলোচনা করুন বিশেষ করে টিনেজ বাচ্চাদের সাথে। তাদের অন্তরে খোদাই করে দেন কথাগুলো। যে,
- তুমি কখন কী করো, কী ভাবো সবই কিন্তু আল্লাহ দেখছেন, একদিন সমস্ত গুনাহের কাজের জবাব দিতে হবে।
- কোনো একটা কাজ করার আগে, বা শুরু করে দিলেও মাঝপথে ভাবো কাজটা কি আল্লাহর নারাজ হওয়ার মত?
- কোনো গুনাহের চিন্তা মাথায় আসলে একবার মনে করে নেবে, কিয়ামতের দিন সবার সামনে কিন্তু তোমার হিসাব কষা হবে, আর সেদিন তোমার জবান বন্ধ থাকবে, কোনো অজুহাত শোনা হবে না। পারবা সবার সামনে নিজের বেইজ্জতি দেখতে?
- শয়তানকে খুশি করিও না। আল্লাহকে খুশি করাও
- আমাকে তুমি ফাঁকি দিয়ে অনেক কিছুই করতে পারবে। কিন্তু মনে রাখবে এতে তোমার নিজেরই ক্ষতি করছ। আল্লাহ কিন্তু সব জানেন। উনার থেকে কোনো কিছুই তুমি গোপন রাখতে পারবে না।
কথাগুলো বলার সময় কখনো বাচ্চাদের কাঁধে বা পিঠে হাত রেখে বলেন, কখনো তাদের হাত ধরে বলেন, কখনো তাদের এক কাঁধে মাথা রেখে অন্য কাঁধে হাত রেখে বলেন, কখনো এক আঙুল তাদের বুকে ঠেকিয়ে বলেন- ইত্তাকিল্লাহ। ইত্তাকিল্লাহ। ইত্তাকিল্লাহ।
হাত, পিঠ, কাঁধ এইসব স্পর্শ করে নাসিহা করার মর্মই আলাদা। এইভাবে করা নাসিহাগুলো দিলে ছাপ ফেলে। আল্লাহর ভয়ে লোম শিহরিত হয়। ছোটো বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে করতে বলুন, সুন্দর করে বলুন- আমার বাচ্চাটা কখন কী করে সব কিন্তু আল্লাহ দেখেন, আমার বাচ্চাটা কিন্তু শয়তানকে খুশি করবে না, ও আল্লাহকে খুশি করবে। আমার বাচ্চাটা খুব ভাল আর ও সব বুঝে আমি জানি!
প্লে উইথ দেয়ার মাইন্ড! শিশুমনকে বোঝান আপনি তাকে প্রচুর বিশ্বাস করেন, এবং তার উপর আপনার অগাধ আস্থা। বাচ্চারা গুনাহ, সোওয়াব, আজাব এসব না বুঝলেও মা-বাবা কষ্ট পাবেন, তাদের বিশ্বাস ভেংগে যাবে, তাদের চোখে হিরো থেকে জিরো হতে হবে এসব খুব ভাল বোঝে। তাই তাদের প্রতি আনলিমিটেড ভালবাসা, সম্মান, গুরুত্ব, আস্থা, বিশ্বাস এসব প্রকাশ করে তাদের নিজেদেরকেই গুনাহের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে জিততে দিন।
সংগৃহিত
পরিমার্জন ও সংযোজন আইন উদ্দিন আইনী