04/10/2026
শুকরিয়া জাযাকাল্লাহ
বাংলাদেশে প্রথম মিউজিয়াম সম্বলিত ব্যতিক্রমধর্মী ‘জাতীয় সীরাত কনভেনশন’ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক: আবু সাঈদ আল হানাফি
‘উম্মাহর কল্যাণে আত্মশুদ্ধির পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আদ-দাওয়াহ বাংলাদেশের ‘জাতীয় সিরাত কনভেনশন ও কৃতি সংবর্ধনা-২০২৬’।
গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর তিনটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত জীবন ও আদর্শ (সিরাত) নিয়ে মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি কৃতি হাফেজ নুর উদ্দিন জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, রিয়াজ মোটরস ও রেডিও ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজ রহমান, মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মোঃ মাহদিউল আলম, মানযিল গ্রুপের চেয়ারম্যান মাওলানা জামাল মাসরুর।
উক্ত সীরাত কনভেনশনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্য থেকে আরও বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বারিধারা মাদরাসার মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নাজমুল হাসান বিননূরী, মুফতি সানাউল্লাহ খান, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং আ ফ ম আকরাম হুসাইনসহ প্রমুখ বরেণ্য আলেমগণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর মনোমুগ্ধকর মঞ্চ সাজসজ্জা। কৃত্রিম উঁচু উঁচু টিলা, তাঁবু এবং মাটির তৈরি নান্দনিক রেপ্লিকার মাধ্যমে আজ থেকে ১৪০০ বছর আগের আরবী আবহের এক অসাধারণ রূপ ফুটিয়ে তোলা হয়, যা আগত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
স্বাগত বক্তব্যে আদ-দাওয়াহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী বলেন, “আজকের এই বিভ্রান্ত ও অস্থির পৃথিবীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশ্বত আদর্শকে সবার মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। উম্মাহর কল্যাণ সাধনে ও সঠিক আত্মশুদ্ধির পথ দেখাতে আদ-দাওয়াহ বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও দাওয়াতী কার্যক্রম অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে আদ-দাওয়াহ বাংলাদেশ আয়োজিত ‘মিডিয়া কর্মশালা’র প্রথম ব্যাচের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন মাননীয় মন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিশিষ্ট সাংবাদিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ-দাওয়াহ বাংলাদেশের উপদেষ্টা এবং দিলু রোড মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি সালাহ উদ্দিন। উক্ত সীরাত কনভেনশনে মাদ্রাসা শিক্ষার্থীদেরর পাশাপাশি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সংস্কৃতিসেবী ও ধর্মপ্রাণ সাধারণ সুধীজন বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন।