11/08/2026
গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা প্রতিরোধে বুয়েট শিক্ষার্থীদের যুগান্তকারী উদ্ভাবন: সম্পূর্ণ স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ‘ভ্যানগার্ড’
বাসাবাড়ি কিংবা রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ বর্তমানে একটি জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের রান্নার স্থানটি সামান্য অসতর্কতার কারণে মুহূর্তেই পরিণত হতে পারে প্রাণঘাতী মৃত্যুফাঁদে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক প্রাণহানি প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল গবেষক শিক্ষার্থী তৈরি করেছেন সম্পূর্ণ স্বয়ংক্রিয়, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য একটি নিরাপত্তা প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘ভ্যানগার্ড’ (VenGuard)।
পরিসংখ্যান ও ঝুঁকির মাত্রা:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে মোট ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৬ শতাংশেরও বেশি গ্যাসসংশ্লিষ্ট। গ্যাস লিকেজ মূলত একটি নীরব ঘাতক। বদ্ধ ঘরে জমে থাকা দাহ্য গ্যাসে আগুন ধরতে দেশলাইয়ের প্রয়োজন হয় না; সাধারণ বৈদ্যুতিক সুইচের স্পার্ক, রেফ্রিজারেটরের কম্প্রেসরের অটো-কাট কিংবা মশা মারার ব্যাটের সামান্য স্ফুলিঙ্গই একটি ভয়াবহ বিস্ফোরণের জন্য যথেষ্ট।
‘ভ্যানগার্ড’ প্রযুক্তির বিশেষত্ব:
বাজারে বিদ্যমান প্রচলিত গ্যাস অ্যালার্মগুলো কেবল লিকেজ শনাক্ত করে শব্দ করতে পারে, কিন্তু নিজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ বা নিষ্কাশন করতে পারে না। অন্যদিকে, উন্নত বিশ্বের মেকানিক্যাল অটোমেশন সিস্টেমগুলো দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এই সীমাবদ্ধতা দূর করতেই তৈরি হয়েছে ‘ভ্যানগার্ড’।
এটি একটি সমন্বিত ওয়্যারলেস নিরাপত্তা ইকোসিস্টেম, যা মানুষের উপস্থিতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এর প্রধান কারিগরি দিকগুলো হলো:
গ্যাস লিকেজ শনাক্ত হওয়া মাত্রই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ভেন্টিলেশন ফ্যান চালু করে দেয়।
তাৎক্ষণিকভাবে গ্যাস পাইপ বা সিলিন্ডার থেকে মূল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
কেবল সংকেত প্রদান নয়, বরং সরাসরি সক্রিয় পদক্ষেপ নিয়ে দুর্ঘটনা প্রতিরোধ নিশ্চিত করে।
গবেষক দল:
এই বাস্তবমুখী ও জীবনরক্ষাকারী প্রযুক্তিটির নেপথ্যে রয়েছেন বুয়েটের চারজন শিক্ষার্থী:
মোহাম্মদ ওমায়ের আহমেদ (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
মো. সাদাত রহমান (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
তাসনিম আল হোসাইন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
কাজিম আল শাহরিয়ার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
সম্পূর্ণ প্রকল্পটির সুপারভাইজার হিসেবে দিকনির্দেশনা প্রদান করেছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী আহম্মাদ শওকত চৌধুরী।
সাশ্রয়ী উৎপাদন ও ভবিষ্যৎ পরিকল্পনা
দেশের সর্বস্তরের মানুষের কাছে এই প্রযুক্তি পৌঁছে দিতে সম্পূর্ণ ভ্যানগার্ড হার্ডওয়্যার প্যাকেজটির উৎপাদন ব্যয় অত্যন্ত সাশ্রয়ী রাখা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে গবেষক দলটি জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নেটওয়ার্কের সঙ্গে ইমার্জেন্সি ডেটা ইন্টিগ্রেশন এবং নতুন আবাসিক ও বাণিজ্যিক ভবনে এই সিস্টেম স্থাপনের জন্য সরকার এবং আবাসন খাতের ডেভেলপারদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে তাদের।
দেশীয় প্রযুক্তিতে তৈরি বুয়েট শিক্ষার্থীদের এই স্মার্ট গ্যাস লিকেজ ডিটেক্টর ইকোসিস্টেম আগামী দিনে অগ্নিকাণ্ড রোধে এবং সম্পদ ও প্রাণহানি হ্রাসে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
Md. Habib Nazzar Ratin (2406135)
Design: Imtiaj Sarkar (2404116)