28/08/2025
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের গাড়িতে
ডাকাতদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীর গাড়িতে বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানাই।
আজ সন্ধ্যা আনুমানিক ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রামগামী অবস্থায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ব্যস্ততম মহাসড়কে একদল ডাকাত সংগঠিতভাবে মহাসচিবের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তারা গাড়ি থামানোর চেষ্টা করে, ব্যর্থ হলে গাড়িতে পাথর নিক্ষেপ করে জানালা ভেঙে ফেলে এবং ডাকাতির অপচেষ্টা চালায়। সৌভাগ্যবশত চালকের বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে গাড়িটি দ্রুত চালিয়ে যাত্রীদের প্রাণে রক্ষা করা সম্ভব হয়।
আমরা এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। দেশের ব্যস্ততম মহাসড়কে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি জনসাধারণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাধারণ মানুষ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে টহল ও নজরদারি জোরদার করার দাবি জানাই।