13/03/2025
জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা অনুভব করবেন। তবে এই যুদ্ধ কখনোই ফেয়ার নয়।
আপনার চোখের সামনেই দেখবেন— কেউ অসাধারণ মেধা নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বই উল্টে দুর্দান্ত ফল করছে, আর আপনি দিনরাত পরিশ্রম করেও সে ফল পাচ্ছেন না।
কেউ জন্মেছে অর্থের প্রাচুর্যে, কোনো কিছুর অভাব নেই তার জীবনে। অথচ আপনার বাবা সেমিস্টার ফি জোগাড় করতে হিমশিম খান। তখন পৃথিবীর প্রতি অভিমান জন্মাবে, মনে হবে জীবন অন্যায্য।
আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কেউ লাখ টাকার চাকরি পেয়ে যাবে— হয়তো তার ইন্টারভিউ ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, কিংবা দক্ষতা ছিল— কিছু একটা নিশ্চয়ই ছিল! কেউ স্টার্টআপ খুলে কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে ফেলবে, ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর হয়ে লাখ লাখ টাকা উপার্জন করবে, আর আপনি প্রতিদিন নিজের ক্যারিয়ার চয়েস নিয়ে দ্বিধায় থাকবেন।
কেউ বছরে বছরে প্রোমোশন পাবে, কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে জীবন সাজাবে, আবার কেউ ব্যবসায় লস খেয়ে ঋণের চাপে দিশেহারা হয়ে পড়বে। কারো কারো শত চেষ্টাতেও চাকরি মিলবে না— বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই।
আপনি চাইলে সারাক্ষণ নিজের সাথে অন্যের তুলনা করে যেতে পারেন। যারা জীবনে এগিয়ে যাচ্ছে, তাদের দেখে আফসোস করতে পারেন। কিন্তু এই হিসাবের কোনো মিল হয় না। ভাগ্য, মেধা, দক্ষতা, পরিশ্রম, নিয়তি— এত ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো সম্ভব নয়।
ভালো থাকারও কোনো শেষ নেই। যার মাথা গোঁজার ঠাঁই নেই, সে একটা ঘরের স্বপ্ন দেখে। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ি চায়, আর গাড়িওয়ালা মানুষটা এসইউভির চিন্তায় ব্যস্ত। এসইউভির মালিক খোঁজে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আর সেই অ্যাপার্টমেন্টের বাসিন্দা আরও বড় কিছুর স্বপ্ন দেখে।
ভালো থাকার এই দৌড় প্রতিযোগিতার কোনো শেষ নেই। এখানে কোনো ফিনিশিং লাইন নেই। শুধু ছুটে চলা, প্রতিদিন, প্রতিমুহূর্ত...