22/04/2024
সম্প্রতি "দেশে এক কোটি গাছ লাগিয়ে একটা বিশ্বরেকর্ড করা যায় না?"— এই ধরনের পোস্টগুলো ভাইরাল হচ্ছে। এই পোস্টগুলোতে গাছ লাগানোর গুরুত্বের উপর জোর দেওয়া হলেও গাছ লাগানোর সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা হচ্ছেনা, যেটা অত্যন্ত জরুরী।
🌳 ভুল পদ্ধতিতে গাছ লাগানোর ক্ষতিকর প্রভাব:
▪️অনেক সময়, বনভূমি ধ্বংস করে বিদেশী গাছের মনোকালচার করা হয়, যার ফলে "গাছের মরুভূমি" তৈরি হয়। এটি জীববৈচিত্র্য হ্রাস করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
▪️স্থানীয় গাছের পরিবর্তে বিদেশি গাছ লাগালে, তা ইকোসিস্টেমের অংশ হয়ে উঠতে পারে না। এর ফলে পশুপাখি খাদ্য ও বাসস্থান হারায় এবং বীজ ছড়াতে পারেনা।
▪️ভুল জায়গায় ভুল গাছ লাগালে তা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। উদাহরণস্বরূপ, মেরু অঞ্চলে গাছ লাগালে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বরফ গলে যায়। স্থানীয় অঞ্চলে বিদেশি গাছ লাগালে তা পরিবেশের কোনো উপকার করেনা।
মূলত, গাছ লাগানোর চেয়ে বনভূমি রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বনভূমি নিজেই কার্বন শোষণ করে এবং প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। অন্যদিকে আমরা এলোপাতাড়ি গাছ লাগালে একটা কৃত্রিমভাবে বনভূমি তৈরির চেষ্টা করা হবে। যা কৃষির মতো। (সম্ভবত পরিবেশের ২৬-২৮% এভাবে কৃত্রিম উপায়ে বনভূমি তৈরির চেষ্টা দ্বারা প্রভাবিত হয়। আমি পারসেন্টটা শিওর জানিনা। রেফারেন্সসহ ইনফো পাইলে অবশ্যই শেয়ার করবো)
🌳সঠিক পদ্ধতিতে গাছ লাগানো:
▪️নিজ অঞ্চলের জন্য উপযুক্ত স্থানীয় গাছ লাগানো গুরুত্বপূর্ণ। এটি জীববৈচিত্র্য বৃদ্ধি করে এবং ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করে।
▪️বিভিন্ন জাতের গাছ মিশ্রণে লাগানো উচিত।
▪️গাছের মধ্যে পর্যাপ্ত জায়গা রাখুন, যাতে তারা বৃদ্ধি পেতে পারে।
▪️গাছ নির্বাচনের সময় আপনার এলাকার জলবায়ু ও মাটির ধরন বিবেচনা করুন।
▪️ফল, ফুল বা ঔষধি গুণাবলী সম্বলিত গাছ লাগাতে পারেন।
গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, গাছ লাগানোর সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়াও গুরুত্বপূর্ণ। এটা গাছ লাগানোর মৌসুম নয়, তাই হুজুগে কান না দিয়ে বর্ষাকালের অপেক্ষা করুন। গাছ লাগিয়ে পোস্ট করেই দায়িত্ব থেকে হাত ঝাড়বেন না, নিয়মিত গাছের যত্ন নিন। পরিবেশের দায়িত্ব আমাদের সবার। আসুন প্রকৃতির যত্ন নিতে শিখি।
লেখা:রওশন আরা তাবাসসুম