16/09/2024
▶️ওজন কমাতে পুষ্টি
ওজন কমানোর জন্য আপনাকে এমন খাবার বেছে নিতে হবে, যা হজম হয় ধীরে অর্থাৎ যেসব খাবার খেলে সহজে ক্ষুধা লাগে না। খাবারের পুষ্টিমানের দিকেও খেয়াল রাখতে হবে, যাতে ওজন কমাতে গিয়ে অপুষ্টিতে না ভোগেন। সাধারণভাবে আমরা জানি, ওজন কমাতে শাকসবজি বা ফলমূল খাওয়া ভালো। তবে সব সবজি বা সব ফলের ক্ষেত্রেই বিষয়টি সত্য নয়। তাই জেনেবুঝে ঠিক করতে হবে খাদ্যতালিকা।
# লাল আটা, লাল চাল, মোটা চাল
লাল আটা, লাল চাল এবং মোটা চালের তৈরি খাবার খেতে পারেন। এসব খাবার হজম হতে সময় লাগে বেশি। তাই সহজে ক্ষুধা লাগে না।
# ওটস, যব, ছাতু,
চাল, গম, আলুর মতো খাবার থেকেই আমরা রোজ প্রচুর শর্করা গ্রহণ করে ফেলি। এর ফলে আমাদের ওজন বাড়তে থাকে। অথচ ওটস, যব, ছাতু দিয়ে তৈরি খাবারই হতে পারে শর্করার বিকল্প উৎস; যা খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন।
# শাকপাতা
ওজন কমাতে বেছে নিতে পারেন যেকোনো শাক। প্রতিদিন পর্যাপ্ত শাক খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো।
# ফল
সারা দিনে নানা রকম ফল খেতে পারেন। তবে মিষ্টি ফল এড়িয়ে চলুন। টক এবং পানসে ফল খেলে ওজন নিয়ন্ত্রণেই থাকবে। নাশপাতি, টক বরই, আমড়া, বাঙ্গি—এমন নানা ফলই তাই খেতে পারেন নিশ্চিন্তে।
# টক দই
ওজন কমাতে টক দইও খেতে পারেন। সালাদ তৈরিতে কাজে লাগাতে পারেন এই উপকরণ।
# চিনাবাদাম
দেশি চিনাবাদাম খেতে পারেন। তবে এক দিনে ৮০-১০০ গ্রামের বেশি নয়। এতেও পাবেন আমিষ এবং ফ্যাটি অ্যাসিড।
# নানা রকম স্যুপ
সবজি বা মুরগির মাংস দিয়ে স্যুপ বানাতে পারেন নানানভাবেই। খেতে বসে শুরুতেই এক বাটি স্যুপ খেয়ে নিলে অন্যান্য খাবার তুলনামূলক কমই খাওয়া হবে। তবে খেয়াল রাখতে হবে, স্যুপে যেন কর্নফ্লাওয়ার দেওয়া না হয়। কারণ, কর্নফ্লাওয়ার হলো শর্করা। তাই ক্লিয়ার স্যুপ খাওয়াই ভালো।
হৃদিতা সাহা
কনটেন্ট রাইটার
পুষ্টি বার্তা