‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে ফাউন্ডেশনের গবেষণাভিত্তিক টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যবি
ষয়ক নানাবিধ গবেষণা করে আসছে।
বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ আজ মারাত্বক হুমকির সম্মুখীন। এই বিপন্ন পরিবেশ রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০২২ সালের ৫ জুন গঠন করা হয়েছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক কর্মশালা, সেমিনার, প্রকৃতিমেলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র, বিতর্ক, কুইজ, পাঠচক্র, সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি, অভিনয় ইত্যাদির মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য। এছাড়াও আর্ত-মানবতার সেবায় কাজ করা এই ক্লাবের অন্যতম একটি লক্ষ্য।
পরিবেশ সংরক্ষণে সমমনা মানুষদের নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দাঁড়াতে চায় এক মঞ্চে, যার নাম প্রকৃতি ও জীবন ক্লাব। এ ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত মানুষের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মিলনমঞ্চ।