21/04/2026
পলিথিনের ঘরে বৃদ্ধা, একটি ঘরের জন্য দরকার ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নকুলা বলরামপুর এলাকার অসহায় বৃদ্ধা জেলেখা বেওয়া মানবেতর জীবনযাপন করছেন। স্বামী আইয়ুব আলীর মৃত্যুর পর থেকে তার জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। নেই কোনো স্থায়ী আশ্রয়—পলিথিনে ঘেরা একটি অস্থায়ী ছাউনির নিচেই কাটছে তার দিন-রাত।
প্রখর রোদে পুড়ে যাওয়া আর বৃষ্টিতে ভিজে থাকা যেন তার নিত্যদিনের সঙ্গী। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর মতো নেই পরিবারের কেউ। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি মুহূর্তই তার জন্য কষ্ট আর সংগ্রামের। সকাল হলেই ভিক্ষা করতে বের হন তিনি। সন্ধ্যায় যেটুকু ভিক্ষা পান, তাই দিয়েই খাবার খেয়ে সেই পলিথিন মোড়ানো ঘরে শুয়ে পড়েন। এরপর যদি রাতে ঝড় বা প্রবল বাতাস হয়, তখন সেই পলিথিন ঘেরা ঘরের এক কোণে বসে আল্লাহকে ডাকেন জেলেখা বেওয়া।
স্থানীয়রা জানান, মাত্র ৫০ হাজার টাকা ব্যয়ে একটি ছোট ঘর তৈরি করা সম্ভব, যা এই বৃদ্ধার জীবনে এনে দিতে পারে একটু স্বস্তি ও নিরাপত্তা। কিন্তু অর্থের অভাবে সেটিও সম্ভব হচ্ছে না।
মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, সবার সামান্য সহযোগিতাই পারে এই অসহায় বৃদ্ধার মাথার ওপর একটি স্থায়ী ছাদ নিশ্চিত করতে।
বৃদ্ধা জেলেখা বেওয়ার সঙ্গে কথা হলে তিনি ‘সময়ের কণ্ঠস্বর’-এর প্রতিবেদককে বলেন, “রাতে খুব ভয় লাগে। শেষ বয়সে কেউ যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত, তাহলে আমি বাকি জীবন নামাজ পড়ে তার জন্য দোয়া করতাম।”
যোগাযোগ: হোয়াটসঅ্যাপে অসহায় বৃদ্ধা জেলেখা বেওয়াকে দেখতে চাইলে ও সহযোগিতা পাঠাতে চাইলে আমাদের ‘সময়ের কন্ঠরের স্টাফ রিপোর্টারের নম্বরে যোগাযোগ করুন: 01715098745 (বিকাশ)।