01/04/2023
দুই বছর আগে ফেসবুকের কল্যানে নোমান নামক এক ছেলের সাথে পরিচয় হয় রুমানা নিশার। সেখান থেকে সম্পর্ক, এখানে সেখানে ঘুরতে যাওয়া ভালোই চলছিলো। তবে বছর ঘুরতেই জানতে পারে নোমানের এমন আরো কয়েকটি সম্পর্ক রয়েছে, এই নিয়ে কয়েকবার তার সাথে মনোমালিন্যও হয়। নোমান সবাইকে ছেড়ে নিশার সাথেই থাকবে এমন প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি, অগত্যা নিশা সেই সম্পর্ক থেকে বের হয়ে আসার উদ্যোগ নিলো। বাধ সাধলো ঘুরতে যাওয়ার ছবিগুলো, নোমান সেগুলো পুঁজি করে নিশাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে নিশা যদি তাকে ছেড়ে যায় তবে সে এসব ছবি নিশার পরিবারকে নিয়ে দেখাবে। নিশা তাকে বার বার অনুরোধ করে সেসব ছবি ডিলিট করে দিতে। নোমান জানায় সে এখন নিশার বাড়ির কাছেই গাজীপুরে থাকে এবং শেষবারের মত নিশার সাথে দেখা করতে চায়। নিশা একবার দেখা করে নিজেই যেন সব ছবি ডিলিট করে দেয়। একথা শুনে নিশা রাজী হয় দেখা করতে। নির্ধারিত দিনে দেখা করতে গিয়ে সে দেখতে পায় নোমান একটি সিএনজি নিয়ে দাড়িয়ে আছে, আর বলে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বললে ভালো হয়। নিশা রাজী হয়ে সিনজিতে উঠলে নোমান তাকে এলাকা থেকে দূরে একটি হোটেল রুমে জোরপূর্বক নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ও কাপড় খুলতে বাধ্য করে এবং বিবস্ত্র ছবি ও ভিডিও ধারন শেষে ধর্ষনে উদ্যত হয়। এতে নিশা চিৎকার করে কান্নাকাটি করে মাফ চাইলে নোমান তাকে ছেড়ে দেয় ও বাসায় নামিয়ে দিয়ে যায়।
ঘটনার দুইদিন পর নিশা ঘুম থেকে উঠে হঠাৎ দেখতে পায় যে তার খালাতো ভাইয়ের নাম ও ছবি সংবলিত একটি ফেসবুক আইডি থেকে তার নামে কিছু বাজে তথ্য ও ছবি পোস্ট করা হচ্ছে। ইতোমধ্যে অনেক আত্নীয় স্বজনের ইনবক্সেও বেশ কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও পাঠানো হয়েছে সেই আইডি থেকে। আত্নীয় স্বজনরা একে একে অনেকেই কল করতে লাগলো । ঘন্টা খানিকের মধ্যে আরো কিছু আপত্তিকর ছবি পোস্ট হয়ে গেলো। পরিবারের সবার তোপের মুখে এখন নিশা। তবে পাশে এসে দাড়ালো ছোট মামা। বললো পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এর কাছে অভিযোগ জানাতে। PCSW টিম অভিযোগ পর্যালোচনায় ঘটনার সত্যতা পায় এবং ভুক্তভোগীকে মামলার পরামর্শ প্রদান করে। সেই মর্মে ভুক্তভোগী জিএমপি কোনাবাড়ি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(২) ও ৮(৩) ধারায় নিয়মিত মামলা রুজু করে। PCSW টিমের প্রযুক্তিগত সহযোগিতায় কোনাবাড়ি থানা পুলিশ অভিযুক্ত নোমানকে ৫ মার্চ, ২০২১ তারিখে কোনাবাড়ির বিসিক শিল্পনগরীর ২ নং গেইটের সামনে থেকে গ্রেফতার করে।
সাইবার স্পেস নারী সেবায়, আমরা আছি আপনার পাশে।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
ফেসবুকঃ https://www.facebook.com/PCSW.PHQ/
ইমেইলঃ [email protected]
হটলাইন: 01320000888