26/09/2023
▌“আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি...”
·
মদিনার বিশিষ্ট আকিদাবিশারদ, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আকিদার অধ্যাপক ও মসজিদে নববির মুদার্রিস শাইখ ড. সালিহ বিন আব্দুল আজিজ আস-সিন্ধি হাফিজাহুল্লাহ লিখেছেন—
❝বিসমিল্লাহির রহমানির রহিম।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি একটি হাদিস পেয়ে আমি ধন্য হই, যেখানে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আওয়ালের দিনকে অন্যদিনের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দিয়ে বিশেষিত করতে উৎসাহ দিয়েছেন।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন (বিশুদ্ধ) বর্ণনা পাই, যেখানে তিনি তাঁর জন্মদিবস পালন করতে কিংবা জন্মদিনে আনন্দ উদ্যাপন করতে উৎসাহিত করেছেন; যদিও সেই বর্ণনা ইঙ্গিতে প্রদান করা হয়।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি এই আকিদা পোষণ করা শুরু করি যে, নবিজি সুস্পষ্ট শরিয়ত পৌঁছে দেননি, বরং কিছু কল্যাণকর বিষয় রয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার প্রতি তিনি আমাদেরকে উৎসাহিত করেননি।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি এমন একটি বর্ণনা পেয়ে আমি সৌভাগ্যশালী হই, যেখানে বলা আছে, আবু বাকার রাদিয়াল্লাহু আনহু মিলাদের রাতে গণভোজের আয়োজন করেছিলেন। কিংবা উমার রাদিয়াল্লাহু আনহু এই দিনকে ছুটি ও খেলাধুলার দিবস নির্ধারণ করেছিলেন। কিংবা উসমান রাদিয়াল্লাহু আনহু এই দিনে দান-সদকা বা রোজা করতে উদ্বুদ্ধ করেছেন। অথবা আলি রাদিয়াল্লাহু আনহু এই দিনে নবিচরিত-পাঠের জলসা আয়োজন করেছেন।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি জানতে পারি, বিলাল অথবা ইবনু আব্বাস, অথবা অন্য যেকোনো সাহাবি রাদিয়াল্লাহু আনহুম কোনো বিষয়ের মাধ্যমে জন্মদিনকে বিশেষিত করেছিলেন; চাই সে বিষয় ধর্মীয় হোক কিংবা দুনিয়াবি।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি এই আকিদা আর পোষণ না করি যে, সাহাবিগণ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চাইতে বেশি শ্রদ্ধা করতেন ও বেশি ভালোবাসতেন এবং তাঁর উচ্চ মর্যাদার ব্যাপারে আমার চাইতে বেশি জানতেন।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি তাবেয়িবর্গের মধ্যকার নবিপরিবার ও অন্যান্যদের কোনো একজন থেকেও এমন বর্ণনা পেয়ে কৃতার্থ হই, যেখানে মিলাদের দিন নবিজির প্রশংসাগাঁথা পাঠ করতে উদ্বুদ্ধ করা হয়েছে।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি ইমাম চতুষ্টয়ের কোনো একজন থেকেও এরূপ বক্তব্য পেয়ে ধন্য হই, যেখানে মিলাদের দিনকে উদ্যাপন করতে অনুপ্রাণিত করা হয়েছে। অথবা তাঁদের কোনো একজনের ব্যাপারেও এমন একটি বর্ণনা পাই, যেখানে উদ্ধৃত হয়েছে, তিনি মিলাদের রাতে লোকজনের সাথে জমায়েত হয়েছেন এবং হেলেদুলে নাশিদ গেয়েছেন!
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি এই আকিদা পোষণ করা শুরু করি যে, উক্ত ইমামগণ ও তাঁদের (ন্যায়নিষ্ঠ) পূর্বসূরিরা শুষ্ক ও কঠোরচিত্তের মানুষ ছিলেন, যারা কিনা নিজেদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান-সম্মান ও তাঁর উঁচু মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।
আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি এই আকিদা পোষণ করা শুরু করি যে, এ উম্মতের জন্মলগ্ন থেকে নিয়ে তিনশো বছর অবধি পুরো উম্মত জানত না, কীভাবে তাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করতে হয়; কারণ এই দীর্ঘ সময়কালে একটি মিলাদও প্রতিষ্ঠিত হয়নি!
আর সবশেষে বলছি, আমিই সর্বপ্রথম নবিজির মিলাদ পালন করব, যদি আমি এই আকিদা পোষণ করা শুরু করি যে, হেদায়েতের সবচেয়ে উৎকৃষ্ট পথ পরবর্তীদের নবউদ্ভাবন, ন্যায়নিষ্ঠ পূর্বসূরিদের অনুসরণ নয়।
যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই নিবেদিত। মহান আল্লাহর সালাত ও সালাম ধার্য হোক তাঁর বান্দা, রসুল ও খলিল (সবচেয়ে ভালোবাসার জন) আমাদের নবি মুহাম্মাদের প্রতি এবং তাঁর অনুসারীবর্গ ও সমুদয় সাহাবির প্রতি।❞
·
উৎস: শাইখের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আমি কি নবিজির মিলাদ পালন করব (هل أحتفل بالمولد النبوي)’ শীর্ষক নিবন্ধ; লিংক: www.salehs(ডট)net/mk28.htm।
·
অনুবাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
fb.com/SunniSalafiAthari