15/07/2026
জরুরি মেডিকেল ক্যাম্প: আপডেট
প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন (PBF)-এর উদ্যোগে বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পরিচালিতব্য জরুরি মেডিকেল ক্যাম্পের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আরও কয়েকদিন পর মেডিকেল ক্যাম্প পরিচালনার পরামর্শ প্রদান করেন।
তাদের মতে, বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় অনেক মানুষ আশ্রয়কেন্দ্র ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। তবে অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখনও বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। ফলে এই মুহূর্তে মেডিকেল ক্যাম্প পরিচালনা করলে প্রত্যাশিত সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছানো কঠিন হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ মানুষ নিজ বাড়ি অথবা তার আশেপাশে বসবাস শুরু করলে গ্রাম ও ওয়ার্ডভিত্তিক মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে আরও বেশি সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষের কাছে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বিষয়টি বিবেচনায় নিয়ে প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন সকল প্রস্তুতি সম্পন্ন রেখে উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। উপযুক্ত সময় ও প্রশাসনিক পরামর্শ অনুযায়ী আমাদের মেডিকেল টিম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।
এই মানবিক উদ্যোগে শুরু থেকেই যারা আর্থিক, চিকিৎসা সামগ্রী, পরামর্শ, শ্রম ও নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা ও দোয়া আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
মানুষের পাশে, মানবতার সেবায়।
Project Bangladesh Foundation - PBF