22/11/2024
সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইন্সটিটিউটের সমন্বয়ে একটি গবেষণাদল জিনোম গবেষণাকে সহজ করতে Evo নামক একটি নতুন এআই মডেল তৈরি করেন। মডেলটি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জিনোমের বিশাল ডেটাসেট বিশ্লেষণ করে মিউটেশনের প্রভাব প্রেডিক্ট ও বিভিন্ন মলিকুলার মেশিন ডিজাইন করতে পারে।
ইভোকে ৮০,০০০ মাইক্রোবিয়াল জিনোমের ৩০০ বিলিয়ন নিউক্লিওটাইড দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে, যার মধ্যে ব্যাকটেরিয়াল ভাইরাস ও প্লাজমিডও অন্তর্ভুক্ত। মানুষকে সংক্রমিত করে এমন ভাইরাসের সিকোয়েন্স বাদ দেয়া হয়েছে যাতে এটা ব্যবহার করে কেউ জৈবঅস্ত্র তৈরি করতে না পারে।
প্রোটিন প্রেডিকশন এআই মডেল Alphafold এর জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়। Evo-র গুরুত্বও Alphafold এর থেকে কোনো অংশে কম নয়। Evo-র আগের ডিএনএ প্রেডিকশন মডেলগুলো সর্বোচ্চ ছোট ছোট ডিএনএ-র অংশ প্রেডিক্ট করতে পারত।
এর সৃষ্টিশীল ক্ষমতা প্রদর্শনের জন্য Evo ব্যবহার করে ৭০,০০০ ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষণ করে নতুন ক্রিসপার-ক্যাস৯ (CRISPR-CAS9) ভ্যারিয়েন্ট ডিজাইন করা হয়েছে। এর মধ্যে একটি এনজাইম পরীক্ষাগারে বাণিজ্যিক সংস্করণের সমতুল্য প্রমাণিত হয়েছে। এমনকি Evo প্রয়োজনীয় সকল জিনসমৃদ্ধ ব্যাকটেরিয়াল জিনোম ডিজাইন করেছে, যদিও এখনও তা কার্যকরী ব্যবহারের জন্য অসম্পূর্ণ। এই পরীক্ষাটি ভবিষ্যতে কৃত্রিম জীব তৈরির ক্ষেত্রে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করল।