25/11/2025
* আর্থিক সচ্ছলতার জন্য কি করা যেতে পারে?
কর্মজীবনের শেষে বা জীবনের পড়ন্ত বেলায় আর্থিক সচ্ছলতা কতটা জরুরি, তা আমরা সবাই কমবেশি বুঝি। আর্থিক সুরক্ষার একটি সহজ কিন্তু অসাধারণ কার্যকর কৌশল হলো - প্রতিটি কর্মদিবসের প্রথম এক ঘণ্টার সমপরিমাণ আয় নিজের জন্য সঞ্চয় করা। এটি বলতে আসলে কি বুঝানো হয়েছে, এখনি জানবেন।
* নিজেকে বেতন দিন
আর্থিক স্বাধীনতা অর্জনের এক বড় কার্যকর টেকনিক হল নিজেকে প্রথম বেতন দেয়া। এর অর্থ কী? ধরুন, আপনি দিনে ৮ ঘণ্টা কাজ করেন। আপনার প্রথম ঘণ্টার আয়টুকু শুধু নিজের জন্য আলাদা করে রাখুন। বাকি ৭ ঘণ্টার আয় দিয়ে আপনার যাবতীয় খরচ—খাবার, বাড়ি ভাড়া, যাতায়াত, স্বাস্থ্যসেবা, ঋণ, বিনোদন এবং অন্যান্য সবকিছু চালান। ধরুন, আপনার মাসিক আয় ৫০,০০০ টাকা। সেই হিসেবে ধরা যেতে পারে আপনার প্রতি ঘণ্টার আয় প্রায় ২০০ টাকা। যদি প্রতিদিন ২০০ টাকা জমানো যায়, তাহলে সপ্তাহে আপনার সঞ্চয় হবে ১,০০০ টাকা এবং মাসে ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা যদি এমন কোথাও বিনিয়োগ করা যায় যেখানে বার্ষিক ৫% হারে রিটার্ন পাওয়া যায় এবং আপনি তা ৩০ বছর ধরে চালিয়ে যান, তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৭২০ টাকা! যদি ৩০ বছর বয়স থেকে এটি শুরু করেন, তাহলে ৬০ বছর বয়সে আপনি এই পরিমাণ অর্থের মালিক হতে পারবেন। আমাদের সন্তানদের এই অত্যন্ত শক্তিশালী কনসেপ্ট এর ব্যাপারে সচেতন করা যেতে পারে।
আমাদের ব্যাচ হিসেব করলে, এখন আমাদের বয়স চলেছে ৪৫ বছরের মত। যারা নতুন করে সঞ্চয় করতে চান, তাদের জন্য আগামী ৩০ বছর হয়ত বেশি সময়, তাতেও কিন্তু সমস্যা নেই, অন্য পন্থা আছে। সুখের খবর হল, বেশির ভাগ সঞ্চয় প্রকল্পের মুনাফার হার নুন্নতম ৭.৫% থেকে ৯.৫% বা আরও বেশি। তাই উদাহরণ সরূপ, যদি ১০ বছর মেয়াদি এবং মাসে ৫ হাজার টাকার সঞ্চয় প্রকল্প গ্রহণ করা হয়, তবে নুন্নতম হার হলেও ১০ বছর পরে ৯ লক্ষের বেশি টাকা সঞ্চয় করা যেতে পারে। গোপন মন্ত্র ঐটাই, প্রতিদিন অল্প করে সঞ্চয় করেতে হবে, নিজেকে প্রথম ঘণ্টার বেতন দিতে হবে, যেন মাস শেষে এই সঞ্চয়ের অর্থ জোগাড় করতে কোন চাপ না পড়ে।
* কেন সঞ্চয় সব সময় দরকার?
অনেকে ভাবতে পারেন, আমার তো ভালো চাকরি আছে বা পেনশন পাবো, তাহলে আর সঞ্চয়ের দরকার কী? কিন্তু সঞ্চয় শুধু অবসর জীবনের জন্য নয়, এটি জীবনের যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য একটি ঢাল হিসেবে কাজ করে।
* চিকিৎসা ব্যয়: বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচ বাড়তে পারে। অপ্রত্যাশিত কোনো রোগ বা দুর্ঘটনার জন্য বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হতে পারে, যা আপনার নিয়মিত আয় বা পেনশনের বাইরে চলে যেতে পারে। সঞ্চয় থাকলে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তামুক্ত থাকা যায়।
* স্বপ্ন পূরণের জন্য: আপনি হয়তো কোথাও ভ্রমণ করতে চান, নতুন কোনো শখ পূরণ করতে চান। এই স্বপ্নগুলো পূরণের জন্যেও যথেষ্ট অর্থের প্রয়োজন। নিয়মিত সঞ্চয় আপনাকে এই স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করবে।
* আকস্মিক প্রয়োজন: জীবনের পথে কখন কী প্রয়োজন হতে পারে তা কেউ জানে না। হতে পারে আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য হঠাৎ অনেক টাকার দরকার হলো, অথবা পরিবারের কোনো সদস্যের জরুরি প্রয়োজনে আপনার সাহায্যের প্রয়োজন হলো। সঞ্চয় আপনাকে এমন পরিস্থিতিতে প্রস্তুত রাখবে।
* এই বিশাল অর্জনের পেছনে তিনটি অদৃশ্য শক্তি কাজ করে:
১। নিয়মিত সঞ্চয়: ছোট ছোট সঞ্চয় নিয়মিত করলে তা একসময় বিশাল আকার ধারণ করে।
২। যথেষ্ট সময়: সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সময় একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। যত দ্রুত শুরু করবেন, তত বেশি সময় পাবেন।
৩। চক্রবৃদ্ধি হারে মুনাফা: আপনার সঞ্চয়ের উপর অর্জিত মুনাফা যখন আবার বিনিয়োগ হয় এবং তার উপরও মুনাফা আসে, তখন তা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এটিই দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্যের চাবিকাঠি।
©FriendCircleNetwork.com