21/09/2026
*অপ্রতিম চলে গেল—আমরা কি কিছু শিখব?*
---আবু সালেহ মুহাম্মাদুল্লাহ হাফি.
২১/৯/২৬ রাত ২টা।
গভীর রাত।
ঘুম আসছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে মাত্র তেরো বছরের একটি কিশোরের মুখ—অপ্রতিম।
যে ছেলেটি এখনো জীবনকে ঠিকমতো চিনতেই শেখেনি, যে এখনো যৌবনের স্বাদও গ্রহণ করেনি, যার সামনে পড়ে ছিল জীবনের কতগুলো সুন্দর বছর—তার জন্য বাবা-মা কত স্বপ্নই না দেখেছিলেন! কত আশা, কত পরিকল্পনা, কত না বলা স্বপ্ন!
*কিন্তু আজ সেই ছেলেটি নেই।*
একটি পরিবার থেকে একটি সন্তান হারিয়ে যাওয়া মানে শুধু একটি প্রাণের চলে যাওয়া নয়; একটি ঘরের অসংখ্য স্বপ্নের একসঙ্গে নিভে যাওয়া।
অপ্রতিম চলে গেছে। তাকে আর ফিরিয়ে আনা যাবে না।
*কিন্তু প্রশ্ন হলো—অপ্রতিমের চলে যাওয়া থেকে আমরা কি কিছু শিখব?*
নাকি কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হবে, কিছু আবেগঘন পোস্ট হবে, আমরা কাঁদব, ক্ষুব্ধ হব—তারপর আবার সবকিছু আগের মতো চলতে থাকবে?
যদি তাই হয়, তাহলে অপ্রতিমের মৃত্যু আমাদের জন্য কোনো শিক্ষা হয়ে উঠল না।
বরং এই মৃত্যু আমাদের প্রত্যেক বাবা-মাকে নিজেদের দিকে তাকানোর একটি সুযোগ করে দিয়েছে।
১. *সন্তানের পরিচয় ও নামের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে*
‘অপ্রতিম’ শব্দের অর্থ অতুলনীয়, যার তুলনা নেই। শব্দটি ভাষাগতভাবে সুন্দর হলেও এটি আরবি বা ইসলামী উৎসের নাম নয়।
প্রথমে নিউজটা দেখার পর আমি ভেবেছিলাম ছেলেটাই সম্ভবত হিন্দু। একজন মুসলিম শিশুর নাম এমন কেন হবে?
সন্তানের নাম শুধু তাকে ডাকার জন্য নয়; নাম তার পরিচয়েরও একটি অংশ। তাই মুসলিম বাবা-মায়ের উচিত সন্তানের নাম রাখার ক্ষেত্রে অর্থ, উৎস ও ইসলামী পরিচয়ের প্রতি সচেতন হওয়া।
২. *সন্তান কার সঙ্গে মিশছে—আমরা কি সত্যিই জানি?*
মাত্র তেরো বছরের একটি সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে—এসব জানা বাবা-মায়ের দায়িত্ব।
সন্তান বলল, ‘বন্ধুদের সঙ্গে যাচ্ছি’—আর আমরা ধরে নিলাম সব ঠিক আছে।
কিন্তু সেই বন্ধুরা কারা? তাদের বয়স কত? তাদের পরিবেশ কেমন? তারা কোথায় যায়, কী করে, কাদের সঙ্গে মেশে?
সন্তানের ওপর আস্থা থাকবে, কিন্তু সেই আস্থার সঙ্গে নজরদারি ও অভিভাবকত্বও থাকতে হবে।
‘খেলতে গেছে’—এই কথাটি শুনেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যেতে পারে না। সন্তানকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু নজরদিহীন স্বাধীনতা নয়।
৩. *সন্তানের হাতে আমরা কী তুলে দিচ্ছি?*
দামি মোবাইল, আইফোন, বাইক, গ্যাজেট—এসব দেওয়ার আগে আমাদের একবার ভাবতে হবে, সন্তানের সত্যিই কি এগুলোর প্রয়োজন আছে?
ভালোবাসা মানে সন্তানের প্রতিটি আবদার পূরণ করা নয়। কখনো কখনো সন্তানের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা হলো তাকে বলা—‘না, এটা এখন তোমার দরকার নেই।’
সন্তানকে শুধু দামি জিনিস নয়, নিরাপদ শৈশব দিতে হবে।
বাবার সমর্থ্য আছে বলেই তাকে সবকিছু দিতে হবে তার সব চাহিদা পূরণ করতে হবে বিষয়টাকে এমন?
সামর্থ্য থাকলেই কি সব করা যায়?
একজন চালক গাড়ির গতি ১৫০ কিলোমিটার পর্যন্ত তুলতে সক্ষম । কিন্তু তিনি কি তাই করেন?
যদি করেন তাহলে কি পরিণতি হবে?
সামর্থ্য আছে বলেই সবকিছু করা যায় না; নিরাপত্তা ও পরিস্থিতিও বিবেচনা করতে হয়।
৪. *সন্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন*?
আমরা সন্তানকে ভালো স্কুলে পড়াই, ভালো পোশাক দিই, প্রযুক্তি দিই, ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি। কিন্তু তাকে কি আমরা যথেষ্ট সময় দিই?
তেরো বছরের একটি কিশোর—তার কি খেলার জন্য এমন কিছু বন্ধু দরকার, যাদের পরিচয় ও পরিবেশ সম্পর্কে বাবা-মা জানেন না? তার কি আনন্দ করার জন্য ঘরের বাইরে, বাজে ছেলেদের সঙ্গে মিশতেই হবে?
বাবা মা কেন তার খেলার সঙ্গী হতে পারল না?
কেন এমন সম্পর্ক তৈরি করতে পারল না, যেখানে সে খেলতে চাইলে বাবাকে ডাকবে, মাকে খুঁজবে; গল্প করতে চাইলে বন্ধুদের আগে বাবা-মায়ের কাছে ছুটে আসবে?
৫. *সন্তানকে শুধু শিক্ষিত নয়, সৎ ও সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে*
আমরা ইংরেজি শেখাই, গণিত শেখাই, বিজ্ঞান শেখাই, কম্পিউটার শেখাই।
কিন্তু তাকে কি শেখাই—কাকে বিশ্বাস করতে হবে, কার কাছ থেকে দূরে থাকতে হবে?
তার সঙ্গে কি কথা বলি ঈমান, তাকওয়া, নৈতিকতা, হারাম-হালাল এবং মানুষের জীবনের মর্যাদা নিয়ে?
সন্তানের মস্তিষ্ককে শিক্ষিত করার পাশাপাশি তার অন্তরকেও শিক্ষিত করতে হবে।
ধর্মীয় মূল্যবোধে জাগ্রত করতে হবে
৬. *শুধু পরিবার নয়—সমাজেরও দায়িত্ব আছে*
একটি শিশুর চারপাশের পরিবার, বন্ধু, স্কুল, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ—সবকিছুরই তাকে নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশ দেওয়ার দায়িত্ব আছে।
যারা শিশু-কিশোরদের অপরাধের দিকে টেনে নিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যারা বিপথে চলে গেছে, তাদের সংশোধনের ব্যবস্থাও করতে হবে।
একটি শিশুকে বাঁচানো শুধু একটি পরিবারের দায়িত্ব নয়; এটি পুরো সমাজের দায়িত্ব।
৭.*আর প্রশাসন ও দেশের নিরাপত্তার কথা?*
সে বিষয়ে কথা বলে কী লাভ!
এ যেন আমাদের নিয়তিই হয়ে গেছে!
সরকার বদলায়
শাসক বদলায়
মন্ত্রিসভা বদলায়
স্লোগান বদলায়
মুখ বদলায়
নেতৃত্ব বদলায়
*বদলায় না শুধু আমাদের ভাগ্য আর নোংরা স্বভাবগুলো!*
আল্লাহ অপ্রতিমের প্রতি রহম করুন, তাকে মাফ করুন এবং তার পরিবারকে সবরে জামীল দান করুন।
আমিন।