28/08/2026
ঈদ কাকে বলে এবং মিলাদুন্নবী উপলক্ষে ঈদ পালন করা যাবে কি?
মিলাদুন্নবী উপলক্ষে ঈদ পালন করা যাবে কি না—এ বিষয়ে জানতে হলে আগে আমাদের আরও একটি প্রশ্নের উত্তর জানতে হবে। আর তা হলো—নিয়ামত প্রাপ্তি বা কোনো খুশির উপলক্ষে ঈদ করা যাবে কি? কারণ, মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ঈদ পালনের বিধান বুঝতে হলে প্রথমে জানা প্রয়োজন, কোনো নিয়ামত প্রাপ্তি, বিশেষ ঘটনা কিংবা খুশির মুহূর্তকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ বা ঈদ পালনের শরিয়তসম্মত ভিত্তি আছে কি না।
নিয়ামত প্রাপ্তির শুকরানা স্বরূপ বা কারো জন্মদিন উপলক্ষে খুশি উদ্যাপন করা সম্পূর্ণ শরিয়তসম্মত। নিম্নের বর্ণনাগুলো এরই প্রমাণ বহন করে। যেমন—
১. হযরত ঈসা আলাইহিস সালাম-এর নিকট ঐশী খাদ্য অবতরণের দিন ‘ঈদ’ পালন প্রসঙ্গে কুরআন কারীমে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন—
رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا
“আমাদের রব! আমাদের জন্য আসমান থেকে খাদ্যভরা খাঞ্চা অবতীর্ণ করুন, যা আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ‘ঈদ’ হয়ে যাবে।”
২. ইসলাম পরিপূর্ণতা লাভের সুসংবাদ জ্ঞাপক কুরআনের আয়াত নাযিলের দিন ‘ঈদ’ পালন প্রসঙ্গে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন—
يَوْمُ جُمُعَةٍ يَوْمُ عَرَفَةٍ وَهُمَا لَنَا عِيدَانِ
“সে দিন ছিল জুমুআহ ও আরাফার দিন। আর ওই দু’দিনই আমাদের জন্য ঈদের দিন।”
৩. হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তির দিনকে উপলক্ষ করে ইহুদিরা আশুরার দিনকে ‘ঈদ’ পালন করত এবং রোজা রাখত। ইমাম বুখারী বর্ণনা করেন—
كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَعُدُّهُ الْيَهُودُ عِيدًا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصُومُوهُ أَنْتُمْ
“ইহুদিরা আশুরার দিবসকে ‘ঈদ’ হিসেবে গণ্য করত। নবীজি ﷺ ফরমান: তোমরাও এ দিনে রোজা রাখো।”
৪. শুক্রবার দিনের শ্রেষ্ঠত্বের একটি বিশেষ কারণ হলো—
إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ
“এ দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তিনি ইন্তেকাল করেছেন।” আর এ শুক্রবার দিনটিও মুসলমানের জন্য ঈদের দিন।
৫. আকিকা করা হয় নবজাতকের জন্য খুশি উপলক্ষেই। তা মুস্তাহাব-সুন্নাত।
উপর্যুক্ত আলোচনা থেকে প্রমাণিত হলো যে, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত, অনুগ্রহ, রহমত প্রভৃতি প্রাপ্তিতে এবং কোনো খুশির মুহূর্তে কিংবা জন্ম উপলক্ষে আনন্দ উদ্যাপন করা বা ঈদ পালন করা কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত ও শরিয়তসমর্থিত উত্তম আমল।
নবীজি ﷺ-এর চেয়ে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ অনুগ্রহ, শ্রেষ্ঠ নিয়ামত মুসলমানদের জন্য আর কী হতে পারে? আল্লাহ তাআলা ফরমান—
لَقَدْ مَنَّ اللهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ
“নিশ্চয়ই আল্লাহ মুমিনগণের উপর বিশেষ অনুগ্রহ করেছেন যে, তাঁদের মাঝে তাঁদের মধ্য থেকেই একজন সম্মানিত রাসুল প্রেরণ করেছেন।”
অন্যত্র ইরশাদ হয়েছে—
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
“আর (হে নবী!) আপনাকে সকল সৃষ্টিজগতের জন্য রহমত করে পাঠিয়েছি।”
এখন, এ শ্রেষ্ঠ নিয়ামত ও রহমত প্রাপ্তিতে আনন্দ বা ঈদ উদ্যাপন করা কোন মুসলমান অস্বীকার করতে পারে? যারা নবীজির আগমনে আনন্দ বা ঈদ পালন করতে অস্বীকৃতি জানায়, তারা কি নবীর আগমনে খুশি নয়?
ঈদ কাকে বলে এবং ইসলামে ঈদ কয়টি?
‘ঈদ’ শব্দটি আরবি। যার অর্থ—ফিরে আসা। প্রচলিত অর্থে শব্দটি খুশি, আনন্দ, হর্ষ প্রভৃতি অর্থে ব্যবহার হয়। ‘কাওয়াইদুল ফিকহ’ গ্রন্থে এসেছে—
قال ابن الأعرابي لأنه يعود كل سنة بفرح مجدد أصله عود
ইবনু আ‘রাবী বলেন: ঈদকে ‘ঈদ’ এ জন্য বলা হয় যে, তা প্রতি বছর নিত্য-নতুন খুশির বার্তা নিয়ে ফিরে আসে। এর মূলশব্দ হলো— عود
অতএব, প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে এমন সকল আনন্দের মুহূর্তকেই ‘ঈদ’ বলা হয়। নবীজির আগমন দিবসটিও প্রত্যেক বছর নবীপ্রেমিক মুসলমানের হৃদয়ে আনন্দের হিল্লোল ও খুশির বার্তা বয়ে আনে, ঈমানি সঞ্জীবনী দান করে মুমিন হৃদয়ে।
আমরা অনেকে মনে করি কিংবা অনেকে ভুল ব্যাখ্যা করি যে, ইসলামে ‘ঈদ’ শুধুমাত্র দু’টি—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তা ঠিক নয়। এ দু’ঈদ ছাড়া ইসলামে আরও ঈদ রয়েছে, যা পূর্বের আলোচনা থেকেও প্রমাণ হয়। আমরা এখন দেখব, এ দু’ঈদ ছাড়া আর কোন কোন ঈদের অস্তিত্ব ইসলামে রয়েছে।
১. জুমুআর দিন সম্বন্ধে রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
إن هذا يوم عيد جعله الله للمسلمين
“নিশ্চয় এ (জুমুআর) দিন হলো ঈদের দিন। তা মুসলমানদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন।”
২. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
يَوْمُ عَرَفَةَ وَيَوْمُ النَّحْرِ وَأَيَّامُ التَّشْرِيقِ عِيدُنَا أَهْلَ الإِسْلامِ
“আরাফার দিন (যুলহিজ্জার ৯ম তারিখ), নাহরের (কুরবানির) দিন এবং তাশরিকের দিনসমূহ (যুলহিজ্জার ১১, ১২ ও ১৩ তারিখ) আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন।”
৩. পূর্বে উল্লেখ করা হয়েছে যে, দ্বীন ইসলাম পরিপূর্ণতা সম্বলিত আয়াত নাযিলের দিনটিও ঈদের দিন হিসেবে গণ্য। যদিও তা আরাফা ও জুমুআর ঈদের দিনে নাযিল হয়েছে।
এ বর্ণনাসমূহ থেকে এ কথা দ্ব্যর্থহীন প্রমাণিত হয় যে, ইসলামে ঈদ মাত্র দু’টিই নয়। বরং আরও রয়েছে।
মিলাদুন্নবী উপলক্ষে ঈদ পালন করা যাবে কি?
উল্লেখিত সকল ঈদ-ই কোনো না কোনো নিয়ামতপ্রাপ্তি বা বিশেষ কোনো ঘটনাকে উপলক্ষ করেই আমরা পেয়েছি। এখন আলোচনার বিষয় হলো—উল্লেখিত সকল ঈদ আমরা পেয়েছি কার মাধ্যমে? কার কারণে? কোন মহা-নিয়ামতের বদৌলতে বাকি ঈদগুলো আমরা পালন করি?
সোজা উত্তর হলো—রবের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী পাক ﷺ-এর খাতিরেই আমাদের সব পাওয়া। এমনকি আমাদের অস্তিত্ব, রবের পরিচয়—সবই সেই মহান সত্ত্বার মহান অনুগ্রহের ফলে। কাজেই যার খাতিরে আমাদের এত সকল কিছু, রবের সেই মহান অনুগ্রহ পেয়ে এর শুকরানা স্বরূপ কি আমরা আনন্দ প্রকাশ তথা ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করব না? খুশি হবো না? খুশির প্রকাশ ঘটাবো না?
স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের বলে দিয়েছেন—
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
“তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো।”
ইমাম বুখারী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন—
محمد نعمة الله
“হুযুর ﷺ আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত।”
সুতরাং এ মহান নিয়ামতের চর্চা ও স্মরণই হলো ঈদে মিলাদুন্নবী।
আরও দেখুন, মিলাদুন্নবী উপলক্ষে খুশি (ঈদ) উদ্যাপন করার কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন এবং বলেছেন যে, তা তাঁদের অর্জিত সবকিছুর চেয়ে উত্তম। যেমন—
قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
“বলুন! তারা যেন আল্লাহর অনুগ্রহ ও রহমতের ব্যাপারে (রহমত পেয়ে) খুশি হয় (ঈদ উদ্যাপন করে)। আর তা তাঁদের অর্জিত সবকিছুর চেয়ে উত্তম।”
আর ‘রহমত’ কে? এ ব্যাপারে কুরআন তাফসিরের উত্তম পদ্ধতি কুরআনের মাধ্যমেই জানা যায় যে, আল্লাহ বলেন—
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
“আর (হে নবী!) আপনাকে সকল জগতের জন্য রহমত করে পাঠিয়েছি।”
বুঝা গেল, নবীজির আগমনে তথা মিলাদুন্নবী উপলক্ষে খুশি উদ্যাপন করা আল্লাহরই নির্দেশ।
সহিহ বুখারীর ব্যাখ্যাতা ইমাম আহমাদ ক্বাসতালানী রাহিমাহুল্লাহ বলেন—
ولا زال أهل الإسلام يحتفلون بشهر مولده عليه السلام، ويعملون الولائم، ويتصدقون في لياليه بأنواع الصدقات، ويظهرون السرور، ويزيدون فى المبرات، ويعتنون بقراءة مولده الكريم، ويظهر عليهم من بركاته كل فضل عميم ومما جرب من خواصه انه امان في ذلك العام، وبشرى عاجلة بنيل البغية والمرام ، فرحم الله امرءا اتخذ ليالى شهر مولده المبارك أعيادا، ليكون اشد علة على من في قلبه مرض وأعيا داء
“মুসলমানেরা মিলাদুন্নবীর মাসে মাহফিল-অনুষ্ঠান ও উন্নত খাবারের (তাবাকাতের) আয়োজনের মাধ্যমে মিলাদুন্নবী উদ্যাপন অব্যাহত রেখেছেন। এ রাতগুলোতে তারা বিভিন্ন ধরনের সদকা করেন, আনন্দ প্রকাশ করেন, নেক কাজ বৃদ্ধি করেন এবং তাঁর পবিত্র মিলাদ পাঠের প্রতি যত্নবান হন। তাঁদের ওপর তাঁর বরকতের মাধ্যমে ব্যাপক কল্যাণ প্রকাশ পায়। আর এর বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে পরীক্ষিত বিষয় হলো, ওই বছর নিরাপত্তা লাভ এবং আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য পূরণের সুসংবাদ। অতএব, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন, যে তাঁর বরকতময় জন্মমাসের রাতগুলোকে ঈদে পরিণত করে, যাতে অন্তরে রোগ ও দুরারোগ্য ব্যাধি রয়েছে, তার ওপর এটি আরও কঠিন প্রমাণ হয়।”
তথ্যসূত্র:
১. সূরা মায়িদা: ১১৪।
২. বুখারী, আস-সহীহ, কিতাবুস সাওম, হাদীস: ১৯০১, ২/৭০৪–৭০৫।
৩. তাবারানী, আল-মু‘জামুল আওসাত্ব, হাদীস: ৮৩০, ১/২৫৩; আসক্বালানী, ফাতহুল বারী, ১/১০৫।
৪. আবু দাউদ, আস-সুনান, হাদীস: ১০৪৯, ১/৪০৫।
৫. ইবনু মাজাহ, আস-সুনান, হাদীস: ১০৯৮, ১/৩৪৯; তাবারানী, আল-মু‘জামুল আওসাত্ব, হাদীস: ৭৩৫৫; মুত্তাক্বী হিন্দী, কানযুল ‘উম্মাল, হাদীস: ২১২৬৫।
৬. সূরা আলে ইমরান: ১৬৪।
৭. সূরা আম্বিয়া: ১০৭।
৮. মুফতি আমীমুল ইহসান বরকতী, ক্বাওয়া‘ইদুল ফিকহ, ১/৩৯৫।
৯. ইবনু মাজাহ, আস-সুনান, হাদীস: ১০৯৮, ১/৩৪৯; তাবারানী, আল-মু‘জামুল আওসাত্ব, হাদীস: ৭৩৫৫; মুত্তাক্বী হিন্দী, কানযুল ‘উম্মাল, হাদীস: ২১২৬৫।
১০. আবু দাউদ, আস-সুনান, কিতাবুস সাওম, হাদীস: ২৪২১, ২/২৯৫; বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হাদীস: ৮২৪৫, ৪/২৯৮; নাসাঈ, আস-সুনানুল কুবরা, হাদীস: ৩৯৯৫, ২/৪২০।
১১. সূরা বাকারা: ২৩১।
১২. বুখারী, আস-সহীহ, ২/৫৬৬।
১৩. সূরা ইউনুস: ৫৮।
১৪. সূরা আম্বিয়া: ১০৭।
গ্রন্থনা ও সংকলন: মুফ্তি আলমগীর হোসাইন আন্–নাজিরী
প্রকাশনায়: জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন।
উপস্থাপনা: Gulshan-e-Chishty