10/01/2026
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সংরক্ষণ এবং কক্সবাজারকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে আজ (১০ জানুয়ারি, শনিবার) সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতে একটি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা’র প্রধান নির্বাহী পরিচালক ড. আরিফুর রহমান এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান।
এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্যুরিস্ট পুলিশের সদস্য, বীচ ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিবৃন্দ এবং কক্সবাজার জেলার ১২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং পর্যটক, স্থানীয় জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব। দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতন আচরণ নিশ্চিত করা গেলে কক্সবাজারকে একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
এই উদ্যোগের মাধ্যমে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার গুরুত্ব, দায়িত্বশীল পর্যটন এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা আরও একবার তুলে ধরা হয়।
তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
স্থান: লাবনী পয়েন্ট, কক্সবাজার