23/12/2025
চাকতাইয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম নগরীর চাকতাই এলাকায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার (বিজয় দিবস প্রাক্কালে) ভেড়া মার্কেট খাল পাড় এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসিম উদ্দিন মিন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, ত্যাগ ও আত্মমর্যাদার চেতনার প্রতীক। এই দিনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বিজয়ের বহিঃপ্রকাশ। শীতের কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকলে সমাজের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা বেলাল উদ্দিন, মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সেলিম, কবির উদ্দিন, মোস্তাক সওদাগর, আবুল কালাম আজাদ, আবদুল গনি পেয়ার, এন মোহাম্মদ রিমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিরা সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবির এলাকায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
Published by