16/09/2026
আলোর পথে’র ব্যবস্থাপনায় ১৫ জন ছানি রোগীর সফল অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক:
মানবিক ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে -এর ব্যবস্থাপনায় এবং #লিও_ক্লাব চট্টগ্রাম শাখার সহযোগিতায়, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ "চট্রগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল" এ ১৫ জন চোখের ছানি পড়া রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সম্প্রতি আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে ছানি রোগী হিসেবে শনাক্ত হওয়া রোগীদের পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে এই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে দৃষ্টিজনিত সমস্যায় ভোগা ১৫ জন রোগী নতুন আশার আলো পেয়েছেন।
আয়োজকরা জানান, চক্ষু চিকিৎসা কার্যক্রমে ছানি রোগী শনাক্ত হওয়ার পর তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব চট্টগ্রাম শাখার সহযোগিতায় রোগীদের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।
অস্ত্রোপচার সম্পন্ন হওয়া রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক।
‘আলোর পথে’র পক্ষ থেকে জানানো হয়, মানুষের মৌলিক প্রয়োজন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে ১৫ জন রোগীর সফল অস্ত্রোপচারে সহযোগিতা করার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, লিও ক্লাব চট্টগ্রাম শাখা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মানবিক সহযোগিতার মাধ্যমে দৃষ্টির আলো ফিরে পাওয়ার এই উদ্যোগ সমাজে সেবামূলক কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।