19/09/2026
মুহাম্মদ নাসির উদ্দিন'র সাহিত্য চর্চায় উদ্ভাবনী ও সৃষ্টিশীলতা তাঁকে অমর করে রাখবে: নোঙর সাহিত্য আড্ডায় বক্তারা
মুহাম্মদ নাসির উদ্দিন'র সাহিত্য চর্চা বিশেষ করে হাইকু, লিমেরিক, ক্লেরিহিউ এবং বিশ্বসাহিত্যের নবতর ব্যবহার এবং চর্চা তাঁকে সাহিত্যের ইতিহাসে অমর করে রাখবে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকেল ৫টায় পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত নোঙর সাহিত্য আড্ডায় লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীগণ এমন মন্তব্য করেন। বক্তারা বলেন, মুহাম্মদ নাসির উদ্দিন তাঁর ছয় দশকের সাহিত্য সংস্কৃতি চর্চায় জাপানি, জার্মানি এবং ধ্রুপদী সাহিত্য চর্চায় বিশেষ দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছেন।
নোঙর সম্পাদক আবু সাঈদ হাননান এর পরিচালনায় ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আড্ডায় 'সাহিত্যের তেজস্বী ঘোড়সওয়ার মুহাম্মদ নাসির উদ্দিন' শিরোনামীয় প্রবন্ধ উপস্থাপন করেন নোঙরের প্রকাশক আমীরুল ইসলাম। এছাড়া নাসির উদ্দিন এর সাহিত্য চর্চায় সৃষ্টিশীলতা মানবিকতা বিষয়ে কথামালা উপস্থাপন করেন বিশিষ্ট ছড়াকার, সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান শামীম। নিবেদিত লেখা পাঠ করেন সৈয়দ খালেদুল আনোয়ার। মুহাম্মদ নাসির উদ্দিন এর সাহিত্যের নানাবিধ দিক নিয়ে আলোকপাত করেন সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, কবি মাঈন উদ্দিন জাহেদ এবং শওকত এয়াকুব।
নোঙর সাহিত্য আড্ডার নিয়মিত আয়োজন লেখাপাঠ, আলোচনা ও মুক্তালোচনায় অংশ নেন- সাহিত্যামোদি আব্দুল হক, কবি কপিল উদ্দিন দুলাল, কাজী আল মামুন, চিন্তক রাজা রাকিব, সাংবাদিক ওমর ফারুক, হোসাইন জিয়াদ, ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী নুরুল করিম মামুন এবং শিল্প সহযোগী আলী হোসেন।
মুক্তালোচনায় ওঠে আসে সাহিত্য রাজনীতি ও সমসাময়িক নানাবিধ প্রসঙ্গ। বাংলাদেশ রাষ্ট্রের হালাবস্থা ও ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াশয় এর সাথে সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসন নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ করেন লেখকগণ।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী বলেন, আমরা মুহাম্মদ নাসির উদ্দিন এর সাহিত্য চর্চা নিয়ে আড্ডার আয়োজন করে কিছুটা দায় শোধ করেছি। তবে সৃষ্টিশীল ব্যক্তিত্বের মূল্যায়ন তাদের জীবদ্দশায় হওয়া উচিৎ। তিনি বলেন মুহাম্মদ নাসির উদ্দিন কোন প্রাপ্তি নয় সামাজিক ও নৈতিক দায় থেকে গাঁটের পয়সা ও সময় ব্যয় করে সাহিত্য চর্চা ও সাহিত্যিক তৈরিতে কাজ করেছেন।
#চট্টগ্রামসংস্কৃতিকেন্দ্র #চট্টগ্রাম #সংস্কৃতি #কেন্দ্র #নোঙর #সাহিত্য #আড্ডা