14/08/2023
"প্রেস বিজ্ঞপ্তি"
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত কর্মসূচি
========
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে ঐ দিন ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ কালো ব্যাজ ধারণ করবেন। সকাল ১০:৩০ টায় একটি শোক র্যালি চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হবে। এদিন বেলা ১১:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হবে। অতপর বেলা ১১:৩০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি এবং শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের সুবিধার্থে সকাল ৯:০০ টায় একটি বাস নিউমার্কেট থেকে এবং অপর একটি বাস আগ্রাবাদ থেকে ছেড়ে চবি শিক্ষকদের ১ ও ২নং রুট অনুসরণ করে চ.বি. ক্যাম্পাসে পৌঁছাবে এবং অপর ১টি বাস সকাল ১০:০০ টায় পরিবহন দপ্তর থেকে ছেড়ে চ.বি. আইন অনুষদ, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, প্রীতিলতা হল, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ ঘুরে চ.বি. কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌঁছাবে। কর্মসূচি শেষে উক্ত রুট অনুসরণ করে বাসগুলো গন্তব্যে ফিরে যাবে।
-------------
স্বাক্ষরিত/-
(দিবাকর বড়ুয়া)
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য)
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখঃ ১০.০৮.২০২৩