07/04/2025
আজকের মর্মান্তিক ঘটনা নিয়ে কিছু ব্যক্তিগত অনুভব...
ফিলিস্তিনে চলমান নির্মম নির্যাতনের প্রতিবাদে আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে "No Work" কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলা শহরে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হলেও, কিছু কিছু স্থানে অত্যন্ত দুঃখজনক ও নেক্কারজনক ঘটনা ঘটেছে।
বিশেষ করে কিছু দুর্বৃত্ত ও চোরচক্র কেএফসি, বাটা সহ কিছু প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে—যা আমাদের প্রতিবাদের সৌন্দর্য ও মানবিকতা পুরোপুরি প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিবাদ কখনোই চুরি, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা হতে পারে না।
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে—এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা প্রকৃতপক্ষে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যকে বিকৃত করেছে। পৃথিবীর কোথাও এমন প্রতিবাদে চুরি ও লুটপাট হয়নি, কিন্তু কিছু অসাধু মানুষ ভালো মানুষের ভেতর ঢুকে সবকিছু কলঙ্কিত করেছে।
প্রত্যেক এলাকায় সিসি ক্যামেরা রয়েছে—আমি জোরালোভাবে দাবি জানাই, এসব দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ এই সাহস না পায়।
ব্যক্তিগতভাবে, আমি যেসব প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেখান থেকে খাই না বা কিছু ক্রয় করি না। আপনিও যদি এসব প্রতিষ্ঠানকে সমর্থন না করেন, তবে সেগুলো থেকে দূরে থাকুন—এটাই হবে সবচেয়ে সম্মানজনক প্রতিবাদ। কিন্তু আইন নিজের হাতে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদ হোক সচেতন, মানবিক এবং শৃঙ্খলাবদ্ধ। চোরদের হাত থেকে আন্দোলনকে মুক্ত রাখি।