27/07/2026
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী ও ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা
বাকেরগঞ্জ (বরিশাল), ২৭ জুলাই ২০২৬: বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বরিশালের বাকেরগঞ্জে ইমাম, কাজী, পুরোহিত ও পাদ্রীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল।
কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইশতিয়াক আহমেদ, প্রকল্প অফিসার, ‘শিশুদের জন্য কর্মসূচি’, বাকেরগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা, বাকেরগঞ্জ থানার কর্মকর্তা এবং স্বপ্নছোঁয়া যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
কর্মশালায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন এবং ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ইমাম, কাজী, পুরোহিত ও পাদ্রীসহ ধর্মীয় নেতারা নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় ও সামাজিক নেতারা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিবারকে উদ্বুদ্ধ করা এবং বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন এবং অঙ্গীকার ব্যক্ত করেন।
Save the Children ও SAINT-Bangladesh-এর উদ্যোগে ‘শিশুদের জন্য কর্মসূচি’র আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন, বরিশাল।