20/09/2022
বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্রাতপুং ম্রো ১৯/০৯/২০২২ তারিখ রাত আনুমানিক ১০ টা ১৯ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন।
বিগত ১২/০৯/২০২২ তারিখ বান্দরবান থেকে লামায় কর্মস্থলে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাকের সাথে বাইকের সংঘর্ষে পড়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার দুই হাত, বুকের হাড়, ফুসফুস ও মাথার সামনের অংশ মারাত্মকভাবে জখম হয়। দুর্ঘটনার পরপরই চকোরিয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম CSTC (Chittagong Specialized and Trauma Centre) এ নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এই অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ক্রাতপুং ম্রো পার্বত্য চট্টগ্রামের উদীয়মান সম্ভাবনায়ী একজন তরুণ ছিলেন। তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা, নিরলস পরিশ্রম, অধিকার আদায়ের যেকোন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ ও হাস্যোজ্বল, বন্ধুবৎসল, বিনয়ী ব্যক্তিত্বের মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
আমরা সকলে মিলে তাঁকে ফেরানোর জন্য শেষ পর্যন্ত সর্বোচ্চ লড়াই করেছি। এই প্রচেষ্টায় ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল মত নির্বিশেষে সকলের সক্রিয় অংশগ্রহণ ছিল। বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এ্যাসোসিয়েশন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে।
তাঁর বন্ধুমহল, অগ্রজ-অনুজ, বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী বন্ধু, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই তাঁর চিকিৎসার জন্য ফান্ড উত্তোলনে স্ব স্ব অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাদের সকলের প্রতি বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এ্যাসোসিয়েশন কৃতজ্ঞ।
ক্রাতপুং ম্রোকে হারানো ম্রো ছাত্র-ছাত্রী সংগঠন ও ম্রো সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। ম্রো জনগোষ্ঠীর জন্য তার অকৃত্রিম ভালবাসা ও উদ্যোগী উদ্যম প্রাণ তরুণ সমাজের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।