সংগঠন পরিচিতি
প্রকৃতির অপরূপ মহিমামন্ডিত পর্যটন নগরী এই বান্দরবান। এ অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী পাহাড়ী-বাঙ্গালী অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর বসবাস। সম্প্রীতির বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো ভূস্বর্গ খ্যাত এই বান্দরবান। জীবন জীবিকার সংগ্রামে এই এলাকার অনেক হতদরিদ্র বঞ্চিত মানুষের জীবনে দু:খ দুর্দশা নিত্য সঙ্গী। এসব বিপন্ন মানুষের অসহায় চেহারার দিকে তাকালে মনে প্রশ্ন জাগে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য নুন্যতম মানবিকতা কি নেই আমাদের মাঝে? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজকে কিছু দিতে চায়, পাল্টে দিতে চায় সমাজের চেহারা। আমরা এমনি কিছু তরুণ মানবসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি পার্বত্য জনপদ বান্দরবানে। মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব এই স্লোগানকে কণ্ঠে ধারণ করে আমরা বান্দরবান বাসীকে জানান দিই একটি সোনালী সকালের। গড়ে উঠে বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে প্রথম রক্তদানের সংগঠন- বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ। ২০০৮ সালের ১লা জুলাই অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি। আর ধীরে ধীরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা ছুটে চলেছি আগামীর সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা এই সংগঠনটির কার্যক্রমের বিস্তার ঘটিয়ে চলেছি। বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের পাশপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনে বদ্ধপরিকর। আমাদের এই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবার সহযোগিতা ও স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি। কথায় বলে- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আসুন মানবিকতার চর্চায় আত্মনিয়োগ করি, মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে দৃঢ় কণ্ঠে জানান দিয়ে যাই একটি কথা-
“মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব”।