23/03/2026
রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয় আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং পবিত্র রমজান ছুটির উপলক্ষে মাসব্যাপী পরিচালিত ফ্রি কোচিং প্রোগ্রামের সমাপনী ঘোষণা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী পরিবেশে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আবেগ, অনুপ্রেরণা ও প্রত্যাশার এক অনন্য সমন্বয়। পুরো মাসব্যাপী পরিচালিত ফ্রি কোচিং কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন গতি সঞ্চার করেছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও শৃঙ্খলার বিকাশ ঘটিয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ফ্রি কোচিং কার্যক্রমের মেন্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমে য়ইমেনু মারমা।
পরবর্তীতে বক্তব্য প্রদান করেন ফ্রি কোচিং কার্যক্রমের মেন্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমে উক্রাচিং মারমা। তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন, “পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে জীবনের যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা অগ্রবংশ অনাথালয় আশ্রমের নির্বাহী পরিচালক ও আশ্রম পাড়া বিহারের অধ্যক্ষ উ: নাইন্দিয়া ভিক্ষু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, “জ্ঞানই মানুষের প্রকৃত শক্তি, আর নৈতিকতাই তাকে মহান করে তোলে।” তিনি বিএমএসসি’র এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসসি বান্দরবান জেলা কমিটির পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কো বোসিংঅং মার্মা। তিনি তার বক্তব্যে বলেন, “সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সুযোগকে কাজে লাগানো এবং সময়ের সাথে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করার মধ্য দিয়েই একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দৃঢ় মনোবল, নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রি কোচিং কার্যক্রমের মেন্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কো আথুই মারমা। তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আকর্ষণীয়।
। ফ্রি কোচিং কার্যক্রমের মেন্টরবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
এ আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। তাদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়, যা তাদের শিক্ষাজীবনের পথচলায় সহায়ক ভূমিকা রাখবে এবং আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।
পরিশেষে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য কামনা করে ও শুভেচ্ছা জানানো হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।