16/01/2026
শীত মানেই শুধু ঠান্ডা নয়, অনেক মানুষের জীবনে শীত আসে নীরব কষ্ট আর অসহায়তার নাম হয়ে। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১৭১ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই ধাপে কম্বল বিতরণ করা হয়েছে মাড়িয়ালাস্থ উদারতার প্রধান কার্যালয় থেকে।
কার্যক্রমের শুরুতে শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্য দেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন,
“একটি কম্বল হয়তো আমাদের কাছে সাধারণ, কিন্তু একজন শীতার্ত মানুষের জন্য এটি একটি নিরাপদ রাতের নিশ্চয়তা। মানুষের পাশে থাকাই উদারতার অঙ্গীকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদারতার প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। তিনি বলেন,
“উদারতা মানে বড় কিছু করা নয়, প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ বলেন,
“গ্রামীণ পর্যায়ে উদারতা যুব ফাউন্ডেশন যে মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল। তিনি বলেন,
“এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে জাগ্রত রাখে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার এবং উদারতা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য অহিদুল ইসলাম, টিজিপি ব্লাড ব্যাংকের মারুফ হোসেন। তাঁরা সবাই এই মানবিক উদ্যোগের জন্য উদারতার ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমের সফলতা কামনা করেন।
কম্বল গ্রহণের সময় সুবিধাবঞ্চিত মানুষের চোখে কৃতজ্ঞতার জল আর নিঃশব্দ দোয়া—এই দৃশ্যই আমাদের সব পরিশ্রম সার্থক করে তোলে।
উদারতা যুব ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবিকতার ছোট ছোট কাজই একদিন সমাজে বড় পরিবর্তনের সূচনা করে। শীত শেষ হয়ে যাবে, কিন্তু উদারতার উষ্ণতা মানুষের মনে থেকে যাবে অনেকদিন।