16/03/2026
সৈয়দপুরে মাদ্রাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের
ঈদের নতুন জামা দিলো
আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন
-----------------------------------------------
নীলফামারীর সৈয়দপুরে একটি মাদ্রাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করেছে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে সৈয়দপুরের ইসলামবাগ গাউসুল আজম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন জামা ও ইফতার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু।
এ সময় উপস্থিত ছিলেন নওশাদ আনসারী, সামিউল আলিম, তানভির আহমেদ, রাজা, আব্দুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। পরে মাদ্রাসার মহতামিম হাফেজ আবু তালেব দোয়া পরিচালনা করেন।
এর আগে মাদ্রাসার শিক্ষার্থীদের নাম ও মাপ অনুযায়ী কাপড় সংগ্রহ করে সেলাইয়ের ব্যবস্থা করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা, যাতে ঈদের দিনে তারা নতুন পোশাক পরতে পারে।
মাদ্রাসার মহতামিম জানান, এই প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের সন্তান, তাদের মধ্যে অনেকেই এতিম। এমন সময়ে শিক্ষার্থীদের জন্য ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করায় ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মানবিক এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে দোয়া করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, মাদ্রাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের কথা জানতে পেরেই তাদের জন্য ঈদের নতুন জামা ও ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন শুধু রমজান বা ঈদকে কেন্দ্র করে নয়, সারা বছরই মানবসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্রদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে অক্সিজেন সেবা এবং শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম উল্লেখযোগ্য।
পরে রমজানের প্রতিদিনের ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষে গোলাহাটে বিনামুল্যে ইফতার বিতরণ করা হয়।