10/04/2026
আসন্ন বিধানসভা নির্বাচন প্রাক্কালে পশ্চিমবঙ্গের সকল রাজনৈতিক দলের বিধায়ক পদপ্রার্থীদের উদ্দেশ্যে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে খোলা চিঠি
***********************
বিষয়: পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ও বৈজ্ঞানিক মননকে নীতিগত অগ্রাধিকার দেওয়ার আহ্বান
মাননীয় মহাশয়/মহাশয়া,
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজ্যের জনগণের জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
বর্তমানে পশ্চিমবঙ্গ গুরুতর পরিবেশগত সংকটের সম্মুখীন। অনিয়ন্ত্রিত নগরায়ন, বনভূমি ধ্বংস, পাহাড় কাটা এবং বেআইনি ভূগর্ভস্থ জল উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। একইসঙ্গে স্পঞ্জ আয়রন কারখানা, পাথর খাদান ও অন্যান্য দূষণকারী শিল্পের অনিয়ন্ত্রিত বিস্তারের ফলে বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। জলদূষণ পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক; বহু জেলায় আর্সেনিক ও ফ্লুরাইড দূষণ লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। অন্যদিকে, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার এবং খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় আশঙ্কার কারণ হয়ে উঠেছে।
পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের ফলে তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি ও জনজীবনকে বিপন্ন করছে। সুন্দরবনের মতো সংবেদনশীল অঞ্চলও আজ অস্তিত্বের সংকটে। সারা পৃথিবীতে বিজ্ঞান-প্রযুক্তি যখন এগিয়ে চলছে, এখনও এখানে নানাধরনের অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ; কালা জাদু, ঝাড়ফুঁক, বশীকরণ, ডাইনি প্রথা, ভাগ্যগণনা ইত্যাদির রমরমা। বহু মানুষ প্রতারিত হচ্ছেন ও এইসব অবৈজ্ঞানিক বিশ্বাস সমাজে যুক্তিবাদী চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করছে।
এই প্রেক্ষিতে বিজ্ঞানীসমাজ ও বিজ্ঞানপ্রেমী মানুষের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট অবস্থান জানতে চাইছি;
১. পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী নীতি গ্রহণ।
২. আর্সেনিক ও ফ্লুরাইড দূষণ মোকাবিলায় বাস্তবসম্মত পরিকল্পনা।
৩. খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে কঠোর আইন প্রয়োগ।
৪. জলসম্পদ রক্ষায় ও ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ।
৫. কুসংস্কার-প্রচার ও কালাজাদু বিরোধী আইন প্রণয়ন এবং বৈজ্ঞানিক মনন বিকাশে উদ্যোগ।
আমরা অনুরোধ করছি, এই বিষয়গুলিতে আপনারা নির্বাচনী ইস্তাহার ও প্রচারে স্পষ্ট প্রতিশ্রুতি দিন, যাতে সাধারণ মানুষ সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ও যুক্তিবাদী চিন্তার প্রসার টেকসই উন্নয়নের মৌলিক ভিত্তি। আমরা আশা করি, নির্বাচনে জয়ী হওয়ার পর আপনারা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদান্তে,
অধ্যাপক অমিতাভ দত্ত, সভাপতি
অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি, কার্যকরী সভাপতি
অধ্যাপক তপন কুমার শী, সম্পাদক
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, পশ্চিমবঙ্গ রাজ্য শাখা