23/05/2026
কৃষ্ণনগর-কালীনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৮৫ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সাধন ঘোষের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করা হয়। এর পাশাপাশি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সেকশনের দীর্ঘদিনের অপ্রাপ্তি বিষয়ক একটি দাবীপত্র মাননীয় বিধায়কের কাছে পেশ করা হয়। রাত ন'টার পর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ও ভোর তিনটে নাগাদ কৃষ্ণনগর থেকে শিয়ালদহ যাবার ট্রেন চালু করা, কৃষ্ণনগর থেকে মাঝেরহাট ও ব্যান্ডেল যাবার লোকাল ট্রেন চালু করা, দিনের বিভিন্ন সময়ে আপে এবং ডাউনে দুটি কৃষ্ণনগর লোকালের মাঝে যে বিরাট সময়ের ব্যবধান রয়েছে সেই ব্যবধানে নতুন কৃষ্ণনগর লোকাল চালু করা, ঐতিহাসিক কৃষ্ণনগর রোড স্টেশনের পুনঃনির্মাণ করা, শিয়ালদা থেকে নতুন আমঘাটা লোকাল চালু করা, কৃষ্ণনগর স্টেশনের পূর্ব ও পশ্চিম প্রান্ত সংযোগকারী একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা, অমৃতভারত প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, বেলেডাঙ্গা লেভেল ক্রসিং-এর (৬৮T)ওপর অনুমোদিত রোড ওভারব্রিজটি দ্রুত নির্মাণ করা, যথাযোগ্য মর্যাদার সঙ্গে মনীষী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভিটের প্রবেশ তোরণের সংস্কারের কাজ দ্রুত শেষ করা, কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করা, ঝিটকেপোতা রেলগেট থেকে বারুইহুদা রেলগেট পর্যন্ত রেল লাইনের সমান্তরালে একটি রাস্তা নির্মাণ করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে মাননীয় বিধায়কের সঙ্গে আমাদের এই সাক্ষাতের সময় একই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের দীর্ঘদিনের সহযোগী দিগনগর রেলযাত্রী সমিতির প্রতিনিধিরা। আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকেই জোরালো দাবি জানানো হয় যে ঐতিহাসিক শান্তিপুর-কৃষ্ণনগর রেল লাইনটির সার্বিক উন্নয়ন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য। মাননীয় বিধায়ক আমাদের সমস্ত সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনেছেন এবং উক্ত সমস্যাগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।