20/02/2025
আজ সেইভাবে দেখতে গেলে আমাদের জন্মদিন। এবং একটি বিশেষ জন্মবার্ষিকী। আজ আমাদের বয়স ১০ পূর্ণ হল। সত্যি বলতে আমরা সেভাবে নাট্যদল হয়েই উঠিনি এই ১০ বছরে। হয়ত আগামী ১০ বছরেও হব না। কারণ... নাহ, কোনও সেরকম কারণ নেই। আমাদের দলীয় কোনও নথিপত্তর নেই, নেই কোনও পরিচালন কমিটি। নেই কোনও অনুদান প্রত্যাশা, নেই কোনও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাসনা। তাই দল হইয়াও হইল না দল। শুরুটা হয়েছিল দম দম ক্যান্টনমেন্ট এর নতুন বাজার, প্রমোদনগর ও অন্যান্য জায়গার মহিলাদের অভিনয়ের মধ্য দিয়ে। ৩টি নাটক ও ২টি শ্রুতিনাটক হয় ২০১৯ পর্যন্ত। তার পর করোনাকাল পার করে এখনও পর্যন্ত ২টি নাটক। মোট নাটকের সংখ্যাও খুবই কম আমাদের। কিন্তু আমরা এই ক'টি নাটকই বেশ কিছু জায়গায় অভিনয় করেছি। আর অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি। গুণীজনে ভালবাসায় জড়িয়ে ধরেছেন, আশীর্বাদের হাত রেখেছেন আমাদের মাথায়। তাই আবারও আমরা সাহস করে একটা নতুন নাট্য প্রস্তুত করছি। যা আমরা আমাদের দশম বর্ষে অর্থাৎ ২০২৫ এর এপ্রিল-মে মাসে কলকাতায় কিছু অভিনয় করতে চলেছি। যে নাট্যের জন্য আবারও লাগবে না কোনও মঞ্চ, আলো, সজ্জা, সাউন্ড সিস্টেম। শুধু প্রয়োজন আপনাকে, আপনাদের।
আপনাদের ভালবাসা আমাদের একমাত্র পাথেয়।
অসংখ্য ভালবাসা আমাদের সকল সাথীকে।
মুক্ত থিয়েটার সংক্রামিত হোক।