25/07/2025
শিরোনাম: ঢাকার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ; লন্ডনের শোকসভা থেকে সুষ্ঠু তদন্ত ও সকল নিহতের রাষ্ট্রীয় মর্যাদার জোর দাবি
লন্ডন, যুক্তরাজ্য – ২৩ জুলাই ২০২৫.
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত এক শোকসভায় তীব্র আবেগ ও ক্ষোভের সাথে ন্যায়বিচারের দাবি তুলেছে প্রবাসী বাংলাদেশিরা। বুধবার, ২৩শে জুলাই ২০২৫ সন্ধ্যায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে 'আমি বাংলাদেশ' সংগঠনের আহ্বানে আয়োজিত এই শোক ও প্রার্থনা সভায় নিহতদের আত্মার শান্তির জন্য দোয়ার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়বদ্ধতা এবং ন্যায়বিচারের দাবি জানানো হয়।
গত সোমবার (২১শে জুলাই, ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে কচি শিশু, শিক্ষক ও কলেজ কর্মীরাও রয়েছেন।
আলতাব আলী পার্কের গম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া করেন। তবে এই সমাবেশ শুধুমাত্র শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান। তদন্তের ফলাফলের ভিত্তিতে দুর্ঘটনার পেছনের কারণ উন্মোচন করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনারও আহ্বান জানানো হয়।
নায়মুল ইসলাম আতিফের উপস্থাপনায় 'আমি বাংলাদেশ' সংগঠনের সংগঠক 'মাকসুদ হক' তার বক্তব্যে বলেন, "আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত, কিন্তু আমাদের কণ্ঠ স্তব্ধ নয়। আমরা কেবল শোক জানাতে আসিনি, ন্যায়বিচার চাইতে এসেছি। প্রতিটি প্রাণের মূল্য আছে। যে নিষ্পাপ শিশুরা বাবা-মায়ের হাত ধরে বাড়ি ফেরার কথা ছিল, যে শিক্ষকেরা জ্ঞানের আলো ছড়াচ্ছিলেন, তারা আজ লাশ। আমরা চাই এই অবহেলার পেছনের কারণ উদঘাটিত হোক।"
অন্য সংগঠক 'আবু তাইয়েব' তার বক্তব্যে বলেন "আমরা আরও দাবি জানাই, এই দুর্ঘটনায় নিহত পাইলটের পাশাপাশি যে শিক্ষক, কর্মকর্তা ও সাহায্যকর্মীরা কর্তব্যরত অবস্থায় প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেককে যেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা প্রদান করা হয়। তাঁরাও জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন। তাঁরাও আমাদের দেশের নায়ক। তাঁদের ত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।"
এই সমাবেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তারা দেশের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় শুধুমাত্র শোক প্রকাশ করেই দায়িত্ব শেষ করতে চান না, বরং একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সংস্কার ও ন্যায়বিচারের দাবিতেও সোচ্চার থাকবেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সেলিম মাহমুদ, সিনথিয়া, আনজুম, অর্ঘ্য বিশ্বাস, শাওন আল মাহমুদসহ প্রমুখ।
'আমি বাংলাদেশ' সম্পর্কে:
'আমি বাংলাদেশ' যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য স্থাপন এবং প্রবাস থেকে বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আওয়াজ তোলা এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।