12/10/2026
কাফেলাতুল আনসার ফাউন্ডেশন
এক দল তরুণের স্বপ্ন ও পথচলার গল্প।
আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল (ভরসা) রেখে মাত্র ১৬ বছর বয়সে, কয়েকজন ছাত্র ও বন্ধুকে সাথে নিয়ে মানুষের সেবায় এক অনন্য মানবিক যাত্রার সূচনা করেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল—অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে খাদ্য ও বস্ত্র পৌঁছে দেওয়া, এলাকার সার্বিক উন্নয়ন সাধন করা এবং সমাজ থেকে সব ধরনের অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
আমাদের এই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল 'কালিরচর তালপট্টি হিলফুল ফুযুল ইসলামী পাঠাগার' নামে। পরবর্তীতে কাজের পরিধি ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা এর নাম পরিবর্তন করে রাখি 'কাফেলাতুল আনসার ফাউন্ডেশন'।
আমাদের কার্যক্রম ও অর্জন:
প্রতিষ্ঠার পর থেকে আমরা বেশ কিছু বড় বড় উন্নয়নমূলক কাজ সাফল্যের সাথে সম্পন্ন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
• অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার ও পোশাক পৌঁছে দেওয়া।
• সমাজকে আলোকিত করতে এবং নৈতিকতা ছড়াতে বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও ইসলাহী মজলিসের আয়োজন করা।
• এলাকার সার্বিক উন্নয়নে নানামুখী সামাজিক উদ্যোগ গ্রহণ করা।
বাধা ও সাময়িক বিরতি:
আমাদের কাজের সততা ও নিষ্ঠা দেখে অল্প সময়ের মধ্যেই এলাকার সাধারণ মানুষ, যুবসমাজ এবং প্রবাসী ভাইয়েরা আমাদের প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করতে শুরু করেন। কিন্তু ভালো কাজের পেছনে যেমন শুভাকাঙ্ক্ষী থাকে, তেমনি কিছু স্বার্থান্বেষী ও হিংসুক শ্রেণীর মানুষেরও উদয় হয়। তারা দেখলো যদি আমাদের সংগঠন ভালো ভালো কাজ করে এগিয়ে যায়, তাহলে মানুষ তাদের প্রতিষ্ঠান থেকে মুখ শরীয়ে নিবেন। দান খয়রাত কম করবেন। —আমাদের এই সংগঠন শক্তিশালী হলে তাদের অনৈতিক কর্মকাণ্ড গুলোও বন্ধ হয়ে যাবে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারবো।
ফলশ্রুতিতে, তারা আমাদের বিভিন্ন মানুষের মাধ্যমে নানাভাবে বাধা দিতে শুরু করে এবং আমাদের বেশ কিছু কর্মসূচি জোরপূর্বক বন্ধ করে দেয়। তখন আমরা বয়সে ছোট এবং অভিজ্ঞতায় নতুন হওয়ায়, নানামুখী চাপের মুখে পড়ে সাময়িকভাবে সংগঠনের কাজ স্থগিত রাখতে বাধ্য হই।
ভবিষ্যৎ পরিকল্পনা ও আমাদের প্রত্যয়:
আমরা দমে যাইনি, এটি আমাদের চূড়ান্ত সমাপ্তি নয় বরং এক নতুন ভোরের প্রস্তুতি। বর্তমানে আমরা নিজেদের একটু স্বাবলম্বী ও আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ, এক বিশাল ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে 'কাফেলাতুল আনসার ফাউন্ডেশন' আবারো মাঠে নামবে।
আমাদের ভবিষ্যৎ লক্ষ্য:
• সংগঠনটির সরকারি (থানা/সমাজসেবা) রেজিস্ট্রেশন সম্পন্ন করা।
• আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহায়তায় এলাকার যাবতীয় অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলা।
• অসহায় মানুষের অধিকার আদায়ে এবং সমাজ সংস্কারে আজীবন কাজ করে যাওয়া।
আমাদের এই মানবিক ও ন্যায়বিচারের লড়াইয়ে আপনাদের সবার দুআ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
— কাফেলাতুল আনসার ফাউন্ডেশন
মানবতার কল্যাণে, অন্যায়ের বিরুদ্ধে এক অপরাজেয় কাফেলা।