31/03/2026
আপনি কি কখনো ভেবে দেখেছেন, কুরআনের একেকটি সূরা কেন নির্দিষ্ট নামেই রাখা হয়েছে? কিংবা এক সূরার শেষ আর পরের সূরার শুরুর মধ্যে কী অদ্ভুত মিল রয়েছে? তিলাওয়াতের সময় যদি এই বিষয়গুলো খেয়াল করেন, তবে আপনার তিলাওয়াতের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। চলুন কিছু উদাহরণ দেখি:
১. প্রতিটি সূরার শুরু আর শেষ যেন একে অপরের পরিপূরক।
সূরা বাকারা: শুরু হয়েছে ‘গায়েবের প্রতি বিশ্বাসী’ মুমিনদের বর্ণনায়, আর শেষ হয়েছে ‘শুনলাম ও মানলাম’ এই আত্মসমর্পণের ঘোষণার মাধ্যমে।
সূরা মুমিনুন: শুরু হয়েছে মুমিনদের ‘সাফল্য’ দিয়ে, আর শেষ হয়েছে কাফিরদের ‘ব্যর্থতা’ দিয়ে।
সূরা ত্বহা: শুরুতে বলা হয়েছে কুরআন আপনাকে ‘কষ্ট’ দেওয়ার জন্য নামানো হয়নি, আর শেষে বলা হয়েছে,যে হিদায়াত অনুসরণ করবে সে ‘কষ্ট’ পাবে না।
২. কুরআনের সাজানো ক্রমবিন্যাসও এক অলৌকিকতা।
সূরা নাজম-এর শেষে বলা হয়েছে এটি এক সতর্কবার্তা, আর ঠিক পরের সূরা কামার এ পূর্ববর্তী জাতিদের সতর্ক করার বর্ণনা দেওয়া হয়েছে।
সূরা ইসরা শেষ হয়েছে 'আলহামদুলিল্লাহ' দিয়ে, আর সূরা কাহাফ শুরু হয়েছে 'আলহামদুলিল্লাহ' দিয়ে।
সূরা ফিল-এ আল্লাহ কুরাইশদের আবরাহার ভয় থেকে বাঁচিয়ে ‘নিরাপদ’ করেছিলেন, আর ঠিক তার পরের সূরা কুরাইশ-এ সেই ‘ভয় থেকে মুক্তি’ এবং ‘ক্ষুধা মেটানোর’ কথা বলা হয়েছে।
৩. সূরার নামের প্রতীকি তাৎপর্য
সূরা বাকারা (গাভী): বনী ইসরাইলের গাভী জবাইয়ের কাহিনীটি ছিল আল্লাহর আদেশ পালনে গড়িমসি ও তর্কের প্রতীক। এই নাম আমাদের মনে করিয়ে দেয়, আমরা যেন তাদের মতো না হয়ে ‘শুনলাম ও মানলাম’ নীতি গ্রহণ করি।
সূরা রূম: রোমানদের বিজয়ের কাহিনী দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, তিনিই অবস্থা পরিবর্তনকারী। মানুষের অভাবের পর সচ্ছলতা কিংবা কষ্টের পর সুখ দেওয়ার মালিক একমাত্র তিনিই।
৪. শব্দের পুনরাবৃত্তি ও গভীর অর্থ
সূরা ইউসুফ: এই সূরায় 'হতাশা' শব্দটি বারবার এসেছে। কারণ এর মূল থিম হলো, দীর্ঘ ধৈর্যের পর আল্লাহর সাহায্য। তাই এটি বারবার বলছে, "আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।"
সূরা নামল : এখানে 'দেখা' ও 'অন্ধত্ব' শব্দগুলো বেশি। ছোট্ট একটি পিঁপড়ারও দূরদর্শিতা ছিল, যা সেই সময়ের কাফিরদের ছিল না।
৫. ছন্দের জাদুকরী বৈচিত্র্য
সূরা মুয্যাম্মিল এবং সূরা মুদ্দাসসির-এর ছন্দ খেয়াল করুন। মুয্যাম্মিল-এ তাহাজ্জুদের ধীরস্থির ইবাদতের কথা বলা হয়েছে বলে এর ছন্দ ধীর ও আয়াতগুলো দীর্ঘ। কিন্তু মুদ্দাসসির-এ ইসলাম প্রচারের জন্য ‘ঝাঁপিয়ে পড়া’ ও সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এর ছন্দ দ্রুত এবং আয়াতগুলো ছোট।
সুবহানাল্লাহ! আসলে কুরআন কেবল পড়ার কোনো সাধারণ বই নয়, এটি আমাদের জীবনের প্রতিটি স্পন্দনের সাথে মিশে থাকা এক জীবন্ত অলৌকিকতা। আমরা যখন এর আয়াতগুলোর গভীরে ডুব দেই, তখন বুঝতে পারি প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ এবং প্রতিটি সূরার অবস্থান কত নিখুঁতভাবে সাজানো। আল্লাহ আমাদের কুরআনময় জীবন দান করুন। আমিন