08/09/2026
বিবৃতি
জুলাইযোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (HRDS)।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অবস্থান করছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও তার নিজস্ব বক্তব্য অনুযায়ী, পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে অবস্থানকালে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীরা তাকে ঘিরে ধরে পানি, কোল্ড ড্রিংকস ও ডিম নিক্ষেপ করে এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। তার মোবাইল ফোন ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করার অভিযোগও তিনি জানিয়েছেন।
HRDS মনে করে, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, পেশা বা সামাজিক অবস্থান তাকে হামলা, হেনস্তা কিংবা অপমানের লক্ষ্যবস্তু বানানোর বৈধতা দিতে পারে না। মতপার্থক্য থাকলে তা প্রকাশের গণতান্ত্রিক ও আইনসম্মত পথ রয়েছে। শারীরিক আক্রমণ কখনোই প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।
বিশেষ করে একজন শিল্পী যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন, তখন তার ওপর এ ধরনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাস্থলে একটি শিশুও উপস্থিত ছিল বলে অভিনেত্রীর বক্তব্যে জানা গেছে, যা ঘটনাটির মানবিক ও নিরাপত্তাগত গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি বাংলাদেশ সরকারের মাধ্যমে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনাটি দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
মোঃ সিফাত উল্লাহ
সাধারণ সম্পাদক
হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (HRDS)
বাংলামটর - ঢাকা ১০০০, বাংলাদেশ