04/06/2026
“আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তি মোকাবেলা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব সাইফুর রহমান বলেন, “নিকোটিন ও তামাকাসক্তি আমাদের জনস্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে তরুণদের এই ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উক্ত আয়োজনে প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহের ১০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তামাকবিরোধী সচেতনতা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন।
প্রতিজ্ঞা সংগঠনের সভাপতি মোঃ মামুন মিয়া তার বক্তব্যে বলেন, “তামাক ও নিকোটিন আসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করা সময়ের দাবি। তরুণরাই একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গঠনের প্রধান শক্তি। সচেতনতা, নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণরাই পারে একটি তামাকমুক্ত ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে। তাই প্রত্যেক তরুণকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসতে হবে।”
প্রতিজ্ঞা যুব সংগঠন বিশ্বাস করে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমেই তামাকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও সংগঠনটি জনস্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাবে।