11/05/2026
এক মুঠো স্বপ্ন আর এক সাহসী মায়ের ঘুরে দাঁড়ানোর গল্প 🌸
বাংলাদেশের অন্যতম দূর্গম ও ঘূর্নিঝর প্রবণ এলাকা সাতক্ষীরার গাবুরা। গাবুরার চকবারা গ্রামের নূরজাহান বেগমের জীবনটা ছিল এক নিরন্তর লড়াইয়ের নাম। অসুস্থ স্বামী আর সংসারের অভাব অনটন মিলে তাঁর চারপাশের আকাশটা যেন সবসময় মেঘলা থাকতো। তিলতিল করে জমানো কষ্টে দিনমজুরি করে যা আসত, তা দিয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করাই যেখানে কঠিন ছিল, সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা তো ছিল কল্পনাতীত। নিজের একটি মাথা গোঁজার ঠাঁই আর সন্তানের পড়াশোনার স্বপ্নগুলো হয়তো অভাবের আড়ালেই হারিয়ে যেত, যদি না তাঁর জীবনে বসন্তের বাতাসের মতো আশার আলো হয়ে আসত 'নাবিক' (NABIC)।
আমাদের সম্মানিত ডোনারদের সহযোগিতায় নূরজাহান বেগমের হাতে তুলে দিয়েছিল আগামীর এক নতুন সম্বল—দুটি উন্নত জাতের ছাগল আর সেগুলো পালনের জন্য একটি ছোট্ট ঘর। সেই ছোট ঘরটি থেকেই শুরু হয় তাঁর বড় স্বপ্নের যাত্রা। নিজের সন্তানের মতো পরম মমতায় ছাগলগুলোকে লালন-পালন করে মাত্র এক বছরের মাথায় তিনি তাঁর খামারে চারটিতে বৃদ্ধিতে করেন।
আজ নূরজাহান বেগমের সেই মলিন মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। নিজের পরিশ্রম আর আমাদের সম্মানিত ডোনারদের সামান্য সহযোগিতায় তিনি আজ শুধু নিজের সংসারের সচ্ছলতাই ফেরাননি, বরং অসুস্থ স্বামীর চিকিৎসা নিশ্চিত করে এবং সন্তানের পড়াশোনার খরচ জুগিয়ে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নিজের হাতে মেরামত করা ঘরটি এখন আর শুধু একটি ঘর নয়, সেটি তাঁর আত্মবিশ্বাস আর স্বাবলম্বী হওয়ার এক জীবন্ত দলিল।
কৃতজ্ঞতাভরা কণ্ঠে নূরজাহান বেগম বলেন, সঠিক সময়ে সঠিক সুযোগ না পেলে হয়তো তাঁর ভাগ্যের এই বদল কখনোই সম্ভব হতো না। তাঁর এই ঘুরে দাঁড়ানোর গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের ইচ্ছাশক্তি আর সামান্য সহমর্মিতা মিলেমিশে একাকার হলে যেকোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। নূরজাহান বেগম আজ আমাদের কাছে শুধু একজন সফল নারী নন, তিনি আমাদের আগামীর অনুপ্রেরণা।
মানুষের পাশে মানুষের, এই মানবিক জয়যাত্রা অব্যাহত থাকুক। 🤲
#সংগ্রামী_নারী #নাবিক #স্বাবলম্বী #মানবিক_সহায়তা #অনুপ্রেরণা #বাংলাদেশ