20/06/2026
কুড়িগ্রামে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য ও আত্মসুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে শিশুদের মানসিক সুস্থতা, আত্মসুরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “মানসিক স্বাস্থ্য ও আত্মসুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের টিডিএইচ হলরুমে জাতীয় চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিশু অংশগ্রহণ করে।
কর্মশালায় শিশুদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা, আত্মবিশ্বাস বৃদ্ধি, আবেগ নিয়ন্ত্রণ, অনলাইন ও অফলাইন নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিশুদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং তাদের আত্মসুরক্ষার বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে সহায়তা করবে।
প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেন, টেরে ডেস হোমস (TDH) এবং সলিডারিটি সার্বিক সহযোগিতা প্রদান করে।