06/10/2026
আল্লাহ এই লিগ্যাসিকে চলমান রাখুক...
এবারের থিম- আল ইনতিসার-২২
আমাদের এবারের থিম: সমগ্ৰ মুসলিম উম্মাহ |||
একদিন মুসলিমদের পদতলে লুটিয়ে পড়েছিল প্রতাপশালী রোমান ও পারস্য সাম্রাজ্য। কিসরার মুকুট পড়েছিল আমাদের পায়ের কাছে। রবের হুকুম কায়েমের জন্য আমাদের পূর্বসূরীরা দজলা সাঁতরে পার হয়েছিল, রোম ও পারস্যের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছিল।
আমরাই ছিলাম আল-আন্দালুসের অধিকারী—জ্ঞান, বিজ্ঞান ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। বাগদাদের বায়তুল হিকমা ছিল আমাদেরই উদ্ভাবন। খালিদ বিন ওয়ালিদ, নুরুদ্দিন জিনকি, সালাহউদ্দিন আইয়ুবি, তারিক বিন জিয়াদ ও মুহাম্মাদ বিন কাসিম প্রমুখ ছিলেন সেই বীর পূর্বসূরিদের প্রতীক।
কিন্তু আজ সেই উম্মাহর চিত্র ভিন্ন।
আরাকানের মুসলিমরা যুগের পর যুগ নিপীড়িত; লাখ লাখ মানুষ ঘরছাড়া। উইঘুর মুসলিমরা বন্দিশিবিরে নির্যাতন ও পরিচয় মুছে ফেলার চেষ্টার শিকার। কাশ্মীর, চেচনিয়া, সুদান ও সিরিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধ, নিপীড়ন ও বাস্তুচ্যুতির সাক্ষী। আর ফিলিস্তিন—আমাদের পবিত্র ভূমি—আজও দখল ও রক্তপাতের মধ্যে; গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
এক উম্মাহর দেহ আজ শতখণ্ডে বিভক্ত। বুলেট-বোমার আঘাতে আমরা কি তবে পরাজিত?
না।
কারণ প্রকৃত বিজয় শুধু চোখে দেখা যায় না।
ফিলিস্তিনের সেই মা, যিনি সন্তানের নিথর দেহ বুকে নিয়েও রবের শুকরিয়া আদায় করেন; উইঘুরের সেই ভাই-বোন, যারা নির্যাতনের মাঝেও দ্বীন আঁকড়ে থাকেন; কাশ্মীরের সেই বোন, যিনি আপনজন হারিয়েও আল্লাহর ওপর তাওয়াক্কুল করেন—দুনিয়ার চোখে তাঁরা হয়তো পরাজিত, কিন্তু আল্লাহর কাছে তাঁরাই সফল।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) মক্কায় কাফেরদের সামনে কুরআন তিলাওয়াত করে নির্যাতিত হয়েও ফিরে এসে বলেছিলেন—আল্লাহর শত্রুরা আজ তাঁর চোখে আরও তুচ্ছ মনে হয়েছে; সুযোগ পেলে পরদিনও তিনি তাদের সামনে কুরআন তিলাওয়াত করবেন।
সুবহানাল্লাহ! সাহাবীদের দৃষ্টি ছিল এমন—অত্যাচারী ছিল তুচ্ছ, আর আল্লাহ ছিলেন সর্বশক্তিমান।
আজ তাদের চাকচিক্য ও বিলাসিতায় আমরা বিভ্রান্ত; তাদের তৈরি তামাশার ফাঁদে হারাচ্ছি ঈমান, জীবন, সময় ও সম্পদ। তাদের অস্ত্রের ভয় আমাদের হিম্মত দুর্বল করছে।
তাই হারানো হিম্মত ও নির্ভীক হৃদয় জাগিয়ে তোলার এই ক্ষুদ্র প্রয়াসে এবারের থিম—
“মু’মিনরাই বিজয়ী”
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
“তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না; তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।”
— সূরা আলে ইমরান, ৩:১৩৯
ইনশাআল্লাহ, আমরাই বিজয়ী—হয় সবরের মাধ্যমে, নয়তো শোকরের মাধ্যমে।
হে মুসলিম উম্মাহ! যদি আমরা প্রকৃত মুমিন হই তাহলে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ।