13/06/2026
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে “দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিষয়ক ক্যাম্পেইন” গত ১১ই জুন অনুষ্ঠিত হয়।
----------------------------------------------
বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে পিকেএসএফ-এর সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মৌসুমী সংস্থার প্রাণিসম্পদ খাত দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি, আলোচনা সভা ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে। বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দুধকে একটি আদর্শ ও সুষম খাদ্য হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দুধে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, বি-১২, ফসফরাস ও অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত করা, শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য নিয়মিত দুধ পান অত্যন্ত উপকারী।
এ সময় নিরাপদ দুধ উৎপাদনের জন্য খামারের স্বাস্থ্যবিধি অনুসরণ, মানসম্মত খাদ্য ব্যবহার, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং সঠিক সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, মৌসুমী সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
কর্মসূচির শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।