12/05/2026
দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণে শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ১০ মে ২০২৬ তারিখে ৫৯টি নির্বাচিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে NHRDF-এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জনাব ড. নাজনীন কাউসার চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NHRDF-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের সাবেক সচিব জনাব মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠানের নির্ধারিত প্রধান অতিথি NHRDF-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার রাষ্ট্রীয় অধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে উপস্থিত না থাকতে পারায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়।
প্রধান অতিথির লিখিত বক্তব্যে NHRDF-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার উল্লেখ করেন যে, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের মূল উদ্দেশ্য হলো দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করা। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ২০২৩ হতে আজ পর্যন্ত ৯১২৯ জন NHRDF-এর অর্থায়নে দেশব্যাপী বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যক্তিখাতের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে যুব নারী ও পুরুষকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরও প্রায় ১৮৭২ প্রশিক্ষণার্থী বর্তমানে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় রয়েছে। আজকের স্বাক্ষরিত চুক্তিসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে আগামী দুই বছরে দেশের আরো প্রায় ২৯,৩২০ জন যুব নারী ও পুরুষ বিভিন্ন খাতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করবে। এর ফলে তারা সংশ্লিষ্ট শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং অনেক ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থানের পরিসরও সম্প্রসারিত হবে বলে অর্থ সচিব আশা প্রকাশ করেন। প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, সম্পাদিত চুক্তির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি উপস্থিত প্রতিনিধিদের-কে তাদের দায়িত্বকে নিছক দাপ্তরিক কাজ মনে না করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একে একটি মহান জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করে নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ পরিচালনার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি অধিক কর্মসংস্থান সৃষ্টি তথা বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য অর্জনের জন্য দ্রুত আমাদের দক্ষতা সার্টিফিকেট যাতে আর্ন্তজাতিক মানে উন্নীত করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে তিনি ফিলিপাইন, ইন্দোনেশিয়া বা নেপালের কার্যক্রম থেকে শিক্ষা নেয়া যেতে পারে বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) জনাব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে NSDA কারিকুলাম আধুনিকায়ন করা তথা প্রশিক্ষণ শেষে প্রদত্ত সনদকে আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব স্বীকার করে জানান যে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এ জন্য কাজ করে যাচ্ছে। অপরদিকে NHRDF প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করা সহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি NHRDF হতে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহার, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে NHRDF-এর ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের সাবেক সচিব জনাব মো. তৌহিদুর রহমান বলেন,
সরকারি দপ্তর হিসেবে NSDA ও NHRDF দক্ষতা উন্নয়নের জন্য একে অপরের সহযোগী হিসেবে সমন্বয়ের মাধ্যমে কাজ করে চলেছে এবং আশা করা যায় এ সমন্বয় ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। জাপানী ভাষা শিক্ষাসহ দেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা এবং প্রশিক্ষণ কারিকুলাম আরো যুগোপযোগী করার বিষয়ে NSDA যে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন যে, প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ NHRDF হতে প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করলে দেশি ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরো অধিক দক্ষ শ্রমশক্তি গড়ে উঠবে।
অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. তৌহিদুর রহমান এবং অংশীদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মনোনীত প্রতিনিধিগণ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।