27/05/2025
অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
ঢাকা, মঙ্গলবার ২৭ মে ২০২৫
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সারাদেশে জোরদার অভিযান শুরু হয়েছে। অনলাইনভিত্তিক এই অপরাধে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে সিআইডি কাজ করছে।
সিআইডির চলমান কার্যক্রম:
এখন পর্যন্ত সিআইডি ১ হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টকে অনলাইন জুয়ার লেনদেনে জড়িত থাকার প্রমাণসহ সনাক্ত করেছে। এসব এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। লাইসেন্স বাতিল ও অর্থদন্ডে দন্ডিত করার লক্ষ্যে অপরাধে জড়িত এজেন্টদের তালিকা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
অনলাইন জুয়া: একটি সামাজিক ব্যাধি।
অনলাইন জুয়া বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েববসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সহজে অর্থ উপার্জনের আশায় জুয়ার আসক্তিতে জড়িয়ে পড়ছে। ফলে অনেকে আর্থিকভাবে দেউলিয়া ও নিঃস্ব হয়ে যাচ্ছে এবং জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড, পারিবারিক সহিংসতা এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার সঙ্গে।
আইন অনুযায়ী শাস্তির বিধান
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ নম্বর ধারা অনুযায়ী—
• অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ।
• এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য।
• ২১ ও ২২ ধারায় জুয়া সংক্রান্ত লেনদেন, প্রতারণা বা জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নাগরিকদের প্রতি সিআইডি, বাংলাদেশ পুলিশের আহবান
• অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশগ্রহণ না করা।
• পরিবার, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই সম্পর্কে সচেতন করা।
• সন্দেহভাজন অ্যাপস, ওয়েবসাইট বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য জানাতে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করা।
যোগাযোগ:
সিআইডি সাইবার পুলিশ সেন্টার
টিভি স্ক্রল
১. নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুসারে সারাদেশে অনলাইন জুয়া ও বেটিং এ জড়িতদের বিরুদ্ধে সিআইডির অভিযান শুরু । জড়িত ১ হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্ট সনাক্ত। অধ্যাদেশ অনুযায়ী অনলাইন জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।
২. সিআইডির দেশব্যাপী অভিযান শুরু। অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত ১ হাজারের বেশি মোবাইল ব্যাংকিং এজেন্ট সনাক্ত। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। জড়ালে দুই বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা।
সূত্র: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
স্বাক্ষরিত
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
০১৫৫০১৫৩২৫১