10/07/2026
জুলাই আন্দোলনে আহত ভুক্তভোগী সাংবাদিকের ন্যায়বিচার, উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি
জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে সত্য তুলে ধরতে গিয়ে হামলার শিকার হন দৈনিক মানবকণ্ঠ-এর হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি ও হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মো. শফিকুল ইসলাম (দুখু)। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহসী অবস্থান আজ পরিণত হয়েছে জীবন বাঁচানোর দীর্ঘ সংগ্রামে। গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এবং এখনও জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে, ৪ই আগস্ট গাজীপুরের শ্রীপুর পৌর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তিনি হামলার শিকার হন। এবং ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত লাঠি, রড ও হকিস্টিক দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং হামলাকারীরা তাঁর ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মাথায় ৭টি সেলাই দেন। তবে আঘাতের দীর্ঘমেয়াদি জটিলতা পরবর্তীতে আরও গুরুতর আকার ধারণ করে। ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি হঠাৎ তাঁর নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে তাঁকে পর্যায়ক্রমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ময়মনসিংহ ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল এ চিকিৎসা নিতে হয়। তিনি টানা প্রায় ছয় মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে তিনি নাক ও ন্যাসোফ্যারিংসজনিত জটিল সমস্যায় ভুগছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় একাধিকবার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। দীর্ঘদিনের আঘাত ও সংক্রমণের কারণে ইনফিরিয়র টারবিনেট এবং বাম ন্যাসোফ্যারিংসে অস্বাভাবিকতা, স্কার টিস্যু অ্যাডহেশন এবং তীব্র মাথাব্যথায় তিনি কষ্ট পাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এসব সমস্যার কারণে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, নাক বন্ধ থাকা, পুনরায় রক্তক্ষরণসহ ভবিষ্যতে আরও জটিলতা দেখা দিতে পারে। তাই দ্রুত অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা প্রয়োজন।
হামলার ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় শ্রীপুর থানায় গিয়ে বিষয়টি জানানো হয়। পরে ২৭ আগস্ট হামলা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ এবং ৫ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগ রয়েছে, তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান অগ্রগতি হয়নি। একাধিকবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করেও তদন্তের সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য পাননি বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।
দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। শফিকুল ইসলাম (দুখু) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বালিজুরী গ্রামের বাসিন্দা এবং সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অসুস্থতার কারণে বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে। তাঁর বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা প্রতিনিয়ত তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। পরিবারের দাবি, দীর্ঘ চিকিৎসায় তাদের প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে। তারা সরকারের কাছে উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
এদিকে সরকারিভাবে বন্দোবস্তের জমি পেলেও সেটি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, জমিটি প্রায় পাঁচ ফুট গভীর গর্ত, বর্ষাকালে সেখানে পানি জমে থাকে এবং সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে সেখানে বসতবাড়ি নির্মাণ তো দূরের কথা, সাধারণ চাষাবাদও সম্ভব নয়। ভুক্তভোগীর অভিযোগ, জমিটি বসবাসযোগ্য করতে গর্ত ভরাট ও পরিবহন যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে একাধিকবার আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পেশাগত সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ৫ মার্চ প্রকাশিত বাংলাদেশ গেজেটে শফিকুল ইসলাম (দুখু)-কে ময়মনসিংহ বিভাগের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তাঁকে জুলাইয়ে আহত সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদান করে। ২০২৬ সালের ৭ জানুয়ারি রাজধানীর আইডিইবি মিলনায়তনে আগ্রাসনবিরোধী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে তাঁকে জুলাই বার্তাবীর সম্মাননায় ভূষিত করা হয়।
তবে তাঁর পরিবার, স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের প্রশ্ন, যদি একজন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জুলাই যোদ্ধা সাংবাদিকও উন্নত চিকিৎসা, ন্যায়বিচার ও পুনর্বাসন না পান, তবে সেই স্বীকৃতির প্রকৃত মূল্য কোথায়? রাষ্ট্রের দায়িত্ব কেবল গেজেটে নাম প্রকাশ বা সম্মাননা প্রদান নয়; আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা এবং পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করাও রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
একজন সাংবাদিক যখন সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নেন, তখন তিনি কেবল নিজের নয়, রাষ্ট্র ও সমাজের পক্ষেই দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আহত একজন স্বীকৃত সাংবাদিক যদি বছরের পর বছর চিকিৎসা, বিচার ও পুনর্বাসনের জন্য দ্বারে দ্বারে ঘুরতে বাধ্য হন, তবে তা শুধু একজন ব্যক্তির দুর্ভাগ্য নয়; এটি ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্যও একটি উদ্বেগজনক বার্তা। তাই ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম (দুখু)-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা, হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সরকার বন্দোবস্তের জমি দ্রুত বসবাসের উপযোগী করে পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
রাষ্ট্রীয় স্বীকৃতি যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে বাস্তব জীবনে ন্যায়বিচার, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে তার যথার্থ প্রতিফলন ঘটুক এটাই ভুক্তভোগী পরিবার, সাংবাদিক সমাজ এবং সচেতন নাগরিকদের প্রত্যাশা।
#জুলাই_বিপ্লব #৩আগস্ট #সাংবাদিক #সত্যের_পক্ষে #কলমযোদ্ধা #বাংলাদেশ