12/10/2025
মতবিনিময় সভা অনুষ্ঠিত: তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান:
খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রাণিত ও উৎসাহিত করার লক্ষ্যে মিরপুর ডিওএইচএস পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পরিষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম (অবঃ) এলাকাবাসীর জন্য সুস্থ বিনোদন, শরীরচর্চা এবং খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, অতি শিগগিরই একটি আধুনিক সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে, যেখানে থাকবে জিমনেসিয়ামসহ অন্যান্য ক্রীড়া সুবিধা।
তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ডিওএইচএস এলাকায় নিয়মিত টুর্নামেন্ট, বিনোদনমূলক কর্মসূচি এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও তিনি তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান, এলাকার খেলার মাঠ ও পার্কগুলোকে আরও প্রাণবন্ত করে তোলা হবে যাতে সকল বয়সের মানুষ সুস্থ বিনোদনের সুযোগ পায় এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি বিশ্বাস করেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই হবে সাফল্যের চাবিকাঠি।